সৌদি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান
বাংলাদেশে বিনিয়োগ করতে সৌদি আরবের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি চেম্বার অব কাউন্সিলের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী এ আহ্বান জানান।
কাউন্সিলের চেয়ারম্যান আবদুল রহমান আল-জামিলের নেতৃত্বাধীন সৌদি ব্যবসায়ীদের একটি দল সভায় অংশ নেন। আর তোফায়েল আহমেদের নেতৃত্বাধীন দলে ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জহির উদ্দিন আহমেদ।
বাণিজ্য মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, ইসলামি দেশগুলোর জোট ওআইসির সদস্যদেশগুলোর আয়োজনে ১৫তম বাণিজ্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে গত রোববার সৌদি আরব গেছেন বাণিজ্যমন্ত্রী।
মতবিনিময় সভায় সৌদি ব্যবসায়ীদের প্রতি বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের চমৎকার পরিবেশ। এখানে বিদেশি বিনিয়োগকারীদের শতভাগ মূলধন ও মুনাফা তুলে নেওয়ার সুযোগ রয়েছে।
ব্যবসায়ীরা ২০০৬ সালে যে চুক্তি করেছিলেন, তা কার্যকর হলে উভয় দেশই লাভবান হবে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিজ্ঞপ্তি