সৈয়দপুর রেলওয়ে কারখানায় নতুন কোচ নির্মাণ

সৈয়দপুর রেলওয়ে কারখানায় আরও একটি সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত রেলকোচ তৈরি হয়েছে। কোচটিকে রেলের স্থানীয় প্রকৌশলীরা বিশ্বমানের বলে দাবি করেছেন।মিটারগেজ লাইনের ওই কোচ রেলের বহরে সংযোজনের জন্য গত সোমবার লালমনিরহাট রেল বিভাগে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষামূলক (ট্রায়াল রান) চলাচল শেষে কোচটি দিনাজপুর-ঢাকা পথে চলাচলকারী আন্তনগর ট্রেন একতা এক্সপ্রেসে সংযোজন করা হবে বলে জানা গেছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নতুন এই শীতাতপনিয়ন্ত্রিত কোচের নকশা তৈরি করেছেন স্থানীয় প্রকৌশলীরা। আর এ কারখানার ক্যারেজ হেভি রিহেবিলিটেশন শপে (সিএইচআর) শ্রমিকেরা নিয়মিত মেরামতকাজের বাইরে অতিরিক্ত শ্রম দিয়ে কোচটি তৈরি করেন।সিএইচআর শপের উপসহকারী প্রকৌশলী (এসএই) সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, মাত্র ৫০ কার্যদিবসে কোচটি তৈরি করা হয়েছে। একটি জরাজীর্ণ ক্যারেজের অবকাঠামোকে সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত কোচে রূপান্তর করা হয়েছে।রেলওয়ের কার্যব্যবস্থাপক (ডব্লিউএম) কাজী মোহাম্মদ ওমর ফারুক জানান, গত বছরের জুলাই মাসে সৈয়দপুর কারখানায় উন্নত মানের শীতাতপনিয়ন্ত্রিত কোচ নির্মাণ করে ঢাকা-দিনাজপুর পথে চলাচলকারী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে সংযোজন করা হয়। সেটির চেয়ে নতুন কোচটি আরও আধুনিক।এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মঞ্জুর-উল-আলম চৌধুরী প্রথম আলোকে জানান, পর্যায়ক্রমে পশ্চিমাঞ্চল রেলওয়ের সব ট্রেনেই শীতাতপনিয়ন্ত্রিত কোচ সংযোজন করা হবে।