সৈয়দপুরে মেরামত হলো ৮৪টি কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ, লোকবল, সরঞ্জাম ও কারিগরি-সংকট থাকার পরও লক্ষ্যমাত্রার বেশি কোচ সরবরাহ করেছে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা।
এবারের ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের সেবায় সৈয়দপুরের কারখানায় ৮৩টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে গতকাল সোমবার পর্যন্ত সরবরাহ করা হয় ৮৪টি কোচ (একটি বেশি)।
মেরামত হওয়া এসব কোচ দিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়েতে দুটি বিশেষ ট্রেন চলবে। এ ছাড়া বিভিন্ন আন্তনগর ট্রেনে অতিরিক্ত কোচ জুড়ে দেওয়া হবে। ফলে নিয়মিত যাত্রীর পাশাপাশি এবারের ঈদে অতিরিক্ত ৫০ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হবে।
এই কোচের ৫৯টি ব্রডগেজ (বড়) লাইনের এবং ২৫টি মিটারগেজ (ছোট) লাইনের কোচ। এসব কোচ রেলওয়ের লালমনিরহাট ও পাকশী ডিভিশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানতে চাইলে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহাম্মদ হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে ৮৪টি কোচ মেরামত সৈয়দপুর কারখানার জন্য রেকর্ড। এসব কোচ আসন্ন ঈদে যাত্রীদের পরিবহনে অবদান রাখবে।
সৈয়দপুর রেলওয়ে কারখানা সূত্র বলছে, সদ্য সমাপ্ত ২০১৪-১৫ অর্থবছরে এই কারখানায় উৎপাদনের জন্য ৩২ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়। কিন্তু সরকার বরাদ্দ দেয় এর অর্ধেকেরও কম, ১৭ কোটি ৯৮ লাখ টাকা। পরে অবশ্য সংশোধিত বাজেট বেড়ে দাঁড়ায় প্রায় ২২ কোটি টাকায়।
কারখানায় বিপুল কর্মকাণ্ডে ওই বরাদ্দ অপ্রতুল বলে জানায় সূত্রটি। একই সঙ্গে কারখানায় লোকবলসংকট দিন দিন তীব্র হচ্ছে। কারখানায় ৩ হাজার ১৮২টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১ হাজার ৩৭০ লোকবল। অবশ্য এর সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছেন নতুন নিয়োগ পাওয়া ৯৫ জন খালাসি। কারখানায় সরঞ্জাম ও কারিগরি-সংকটও আছে। এসব সীমাবদ্ধতার পরও গত ৯ মে রেলপথমন্ত্রী মুজিবুল হক সৈয়দপুর কারখানা পরিদর্শনে এসে ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে এখানে ৮৩টি কোচ মেরামতের নির্দেশ দেন। এরপরই এই কারখানায় ৮৩টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়।
সৈয়দপুর কারখানার ক্যারেজ শপের ইনচার্জ মো. দিলশাদ করিম আবু হেনা জানান, অনেক সীমাবদ্ধতা রয়েছে কারখানায়। তবু কারখানার শ্রমিক-কর্মচারীরা অব্যাহত পরিশ্রম করে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছেন।
রেলওয়ে কারখানার কার্য-ব্যবস্থাপক (ডব্লিউএম) মোহাম্মদ কুদরত-ই-খুদা জানান, এই কারখানায় ক্যারেজ, জেনারেল ওভারহোলিং ও ক্যারেজ হ্যাভি রিপেয়ার শপে ঈদের কোচ মেরামত হয়েছে। এ ছাড়া কারখানায় অন্যান্য শপে (উপ-কারখানা) বিভিন্ন যন্ত্রাংশ সংযোজন করা হয়েছে। ঈদ সামনে রেখে শ্রমিক-প্রকৌশলীরা তৎপর ছিলেন। ফলে যথাসময়ে ৮৪টি কোচ মেরামত করা সম্ভব হয়েছে।