সৈয়দপুর-ঢাকা আকাশপথে ১৮ আগস্ট থেকে বিমান উড়বে
ঢাকা-সৈয়দপুর পথে ১৮ আগস্ট থেকে আবার বিমান উড়তে শুরু করবে। এই পথে নতুন করে বিমানসেবা চালুর এই উদ্যোগ নিয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ।জানা গেছে, ইউনাইটেড এয়ারওয়েজ সৈয়দপুর-ঢাকা পথে প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে। এ জন্য যাত্রীপিছু ভাড়া নির্ধারণ করা হয়েছে চার হাজার ৭৫০ টাকা। ইউনাইটেডের বিমান প্রতি বৃহস্পতিবারে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা একটায় ছেড়ে রাজশাহী হয়ে দুইটা ৩০ মিনিটে সৈয়দপুরে অবতরণ করবে। এরপর সৈয়দপুর থেকে দুইটা ৫০ মিনিটে ছেড়ে সরাসরি ঢাকায় পৌঁছবে তিনটা ৪৫ মিনিটে।একসময় এই পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিয়মিত ফ্লাইট পরিচালনা করত। কিন্তু বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অব্যাহত লোকসানের কথা উল্লেখ করে তা বন্ধ করা হয়।এরপর বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ ও রয়েল বেঙ্গল এভিয়েশন ২০০৭ সালে সৈয়দপুর-ঢাকা পথে বিমান চালাতে শুরু করে। কিন্তু মাত্র এক বছরের মাথায় অজ্ঞাত কারণে উভয় প্রতিষ্ঠানই এই পথে তাদের যাত্রীসেবা কার্যক্রম গুটিয়ে নেয়।ইউনাইটেড এয়ারওয়েজের বিক্রয় ব্যবস্থাপক শফিকুল ইসলাম ও কাস্টমার সার্ভিসের এক্সিকিউটিভ কামরুজ্জামান সৈয়দপুর বিমানবন্দর পরিদর্শন করেন।শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, ইতিমধ্যে তাঁরা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে সৈয়দপুর ও রংপুরে সেলস অফিসের কার্যক্রমও শুরু করেছেন।এ প্রসঙ্গে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শহীদুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন পর আবার এই পথে বিমান উড়তে শুরু করবে, এটা ভাবতেই ভালো লাগছে।’ তিনি আরও জানান, আগামী অক্টোবর নাগাদ সৈয়দপুর-ঢাকা পথে বেসরকারি বিমান সংস্থা বেস্ট এয়ার নিয়মিত ফ্লাইট পরিচালনায় নামছে। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, সৈয়দপুর হচ্ছে রংপুর বিভাগের একমাত্র বিমানবন্দর। এটি বন্ধ থাকায় দেশের উত্তর জনপদের যাত্রীরা দুর্ভোগের মুখে পড়েন।