সৈয়দপুর-ঢাকা পথে আরেকটি শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুর-ঢাকাপথে আগামী ছয় মাসের মধ্যে ব্রডগেজ (বড়) লাইনের একটি যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। শীতাতপনিয়ন্ত্রিত (এসি) অথচ সর্বসাধারণের জন্য প্রযোজ্য একটি গণপরিবহন হিসেবে ট্রেনটি চালু হচ্ছে। এ ব্যাপারে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত রোববার রাতে সৈয়দপুরে বলেন, নতুন ট্রেনটি শিগগিরই চালু হবে। ট্রেনটিতে যাতে সব শ্রেণীর মানুষ ভ্রমণ করতে পারে, সে জন্য এর ভাড়া রাখা হবে কম। এতে শোভন শ্রেণীর চেয়ার কোচ-সংবলিত ট্রেনটি হবে একটু ভিন্ন ধাঁচের। এ ছাড়া রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে আরও একাধিক উদ্যোগ রয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, সৈয়দপুর-ঢাকাপথে ২০০৭ সালে নীলসাগর এক্সপ্রেস নামে একটি বিলাসবহুল ট্রেন চালু হয়। ইন্দোনেশিয়া থেকে আনা ক্যারেজ (বগি) দিয়ে একটি মাত্র র‌্যাকের ওই ট্রেন এ পথে চলাচল করছে। ক্যারেজস্বল্পতার কারণে ট্রেনটিতে ডবল র‌্যাক (এক জোড়া) সুবিধা দেওয়া যায়নি, যে কারণে প্রায় প্রতিদিনই এ পথে রেলওয়ের শিডিউল বিঘ্নিত হচ্ছে। সৈয়দপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার আলমগীর হোসেন প্রথম আলোকে জানান, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সময়মতো চলছে না। একটি মাত্র র‌্যাকের কারণে দৈনন্দিন লেট মেকআপ (বিলম্ব) করা যাচ্ছে না। আর তাই ট্রেনটি কখনো দুই ঘণ্টা, কখনো আবার চার ঘণ্টা বিলম্বে চলাচল করছে।