সৈয়দপুর-ঢাকা পথে ইউনাইটেড এয়ারের যাতায়াত বাড়ছে
বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ সৈয়দপুর-ঢাকা পথে আগামী ৭ অক্টোবর থেকে আরও একটি ফ্লাইট বাড়াচ্ছে। এই ফ্লাইট পরিচালিত হবে প্রতি রোববার।বিমান সংস্থাটির স্থানীয় কর্মকর্তারা জানান, যাত্রীদের ক্রমবর্ধমান চাপ সামলাতেই কর্তৃপক্ষ এই পথে ফ্লাইট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কারণ যাত্রীদের চাপ বাড়ায় মাঝেমধ্যেই অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করতে হতো। এর ফলে ঢাকা-সৈয়দপুর পথে ইউনাইটেড এয়ারওয়েজের বিমান প্রতি সপ্তাহে চার দিন যাতায়াত করবে। বর্তমানে এই পথে ইউনাইটেডের বিমান বৃহস্পতি, শনি ও মঙ্গলবার চলাচল করছে। ইউনাইটেড এয়ারের সৈয়দপুরের এজেন্সি অফিসের পরিচালক তারিকুল আলম প্রথম আলোকে জানান, এই পথের বিমানযাত্রীরা প্রতিদিনই ফ্লাইট পরিচালনার দাবি করছেন। সে অনুযায়ী আপাতত একটি ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিমান সংস্থাটির বিপণন ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, সৈয়দপুর-ঢাকা পথে প্রচুর যাত্রীর চাপ রয়েছে। তাই ভবিষ্যতে এই পথে দৈনিক ফ্লাইট পরিচালনা করা হবে।