সৈয়দপুর-ঢাকা পথে ফের যাত্রীবাহী বিমান চালু হচ্ছে, সব প্রস্তুতি সম্পন্ন
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সৈয়দপুর বিমানবন্দরে মাস খানেকের মধ্যে আবারও উড়োজাহাজ ওঠানামার সম্ভাবনা দেখা দিয়েছে।জানা গেছে, এই বিমানবন্দরটি চালুর ব্যাপারে যাবতীয় প্রস্তুতি গ্রহণের জন্য গতকাল শনিবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে রংপুর বিভাগীয় কমিশনারের দপ্তরে একটি ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে। ফলে এক মাসের মধ্যে এখানে আবারও যাত্রীবাহী বাংলাদেশ বিমান উড়তে দেখা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অব্যাহত লোকসানের অভিযোগে ২০০৭ সালের ১৯ ফেব্রুয়ারি সৈয়দপুর বিমানবন্দরে বাংলাদেশ বিমানের চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে যাত্রীদের অব্যাহত দাবির পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ২৬ আগস্ট বেসরকারি বিমান সংস্থা এভিয়ানা এয়ারওয়েজের রয়েল বেঙ্গল বিমান এই পথে সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনা করে। এরপর আরেক বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজও এই পথে বিমান চালাতে শুরু করে। কিন্তু ২০০৯ সালের ২৮ জানুয়ারি থেকে অজ্ঞাত কারণে এই পথে আর বিমান চলেনি।সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেন, বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উত্তরা ইপিজেডে বিদেশি বিনিয়োগ কমেছে ও উত্তরাঞ্চলের পর্যটনশিল্পে নেতিবাচক প্রভাব পড়েছে। এ ছাড়া বড়পুকুরিয়া কয়লাখনি, মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প, পঞ্চগড় চা বাগান, উত্তরা ইপিজেড, রংপুরে বাংলাদেশ ব্যাংক, সৈয়দপুর, রংপুর ও পার্বতীপুর সেনানিবাস, রেলওয়ে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজধানী ঢাকায় আসা-যাওয়ায়ও বিড়ম্বনা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ইতিমধ্যে সৈয়দপুর বিমানবন্দরের টার্মিনাল ভবনের ব্যাপক সংস্কারসহ প্রায় সাত হাজার ফুট দীর্ঘ রানওয়ের পরিপার্শ্ব জুড়ে নিরাপত্তা দেয়াল নির্মাণের কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শহীদুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা এখন প্রস্তুত। যেকোনো সময়ই সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীবাহী বিমানের ওঠামানা দেখা যাবে।’ তবে কবে নাগাদ ফ্লাইট চালু হবে তা অবশ্য তিনি উল্লেখ করেননি।এদিকে সাংসদ সাকলান প্রথম আলোকে অবশ্য জানান, চলতি মাসেই (ডিসেম্বর) সৈয়দপুরের আকাশে আবারও যাত্রীবাহী বিমান উড়তে দেখা যাবে বলে আশা করা যায়।