সৈয়দপুর-ঢাকা পথে শিগগিরই এসি ট্রেন চালু হচ্ছে
সৈয়দপুর-ঢাকা পথে শিগগিরই আরও একটি নতুন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত ওই ট্রেনটি শিগগিরই চালু হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।স্থানীয় রেলওয়ের কর্মকর্তারা জানান, সড়কপথে প্রায়ই দুর্ঘটনা ঘটায় নিরাপদ বাহন হিসেবে ট্রেনে যাতায়াত দিন দিন জনপ্রিয় হয়ে ওঠায় সৈয়দপুর-ঢাকা পথে বর্তমানে চলাচলকারী নীলসাগর এক্সপ্রেসে ক্রমাগত যাত্রীর চাপ বাড়ছে। সৈয়দপুর রেলওয়ে স্টেশনমাস্টার এ কে এম শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, এখান থেকে প্রতিদিন আট জোড়া ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। আর প্রতিটি ট্রেনেই নির্ধারিত আসনের চেয়ে অধিকসংখ্যক যাত্রী বহন করতে হয়। বিশেষ করে নীলসাগর এক্সপ্রেসেই যাত্রীদের সবচেয়ে বেশি ভিড় হয়।স্থানীয় রেলওয়ের একটি সূত্রমতে, ভারতীয় ঋণে ইতিমধ্যে ব্রডগেজ লাইনের ৭০টি শীতাতপনিয়ন্ত্রিত কোচ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে, যেগুলো শিগগিরই দেশে এসে পৌঁছাবে। এর মধ্য থেকে ১১টি কোচ নিয়ে চালু করা হচ্ছে নতুন ট্রেন। এ প্রসঙ্গে রেলসচিব মহবুবুর রহমান প্রথম আলোকে জানান, সৈয়দপুর থেকে ঢাকা পথে রেলের যাত্রী দিন দিন বাড়ছে। সে জন্য এ পথে শিগগিরই শীতাতপনিয়ন্ত্রিত ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।