সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারে আগ্রহী ভুটান
ভুটানের তথ্য ও যোগাযোগমন্ত্রী ১২ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে নীলফামারীর সৈয়দপুর ও লালমনিরহাট বিমানবন্দর ব্যবহারের সম্ভাব্যতা খতিয়ে দেখেছেন। গতকাল দুপুর একটার দিকে প্রতিনিধিদলকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টার সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে।এ সময় বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের ও রংপুর বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন আহম্মেদ ভুটানের প্রতিনিধিদলের সদস্যদের অভ্যর্থনা জানান। সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ভুটানের তথ্য ও যোগাযোগমন্ত্রী লিওপো নন্দলাল রায় জানান, সব দিক বিবেচনা করলে সৈয়দপুর বিমানবন্দরের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়। কাজেই এই বিমানবন্দরকে ভুটান সরকার তাদের আকাশপথ হিসেবে পেতে আগ্রহী। পরে দুই দেশের প্রতিনিধিদলের সদস্যরা লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন। দুপুরেই তাঁরা লালমনিরহাট শহরের অদূরে হাঁড়িভাঙ্গায় অবস্থিত বিমানবন্দরে অবতরণ করেন।