সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তা সরঞ্জাম নেই
সৈয়দপুর বিমানবন্দরে আধুনিক স্বয়ংক্রিয় নিরাপত্তা সরঞ্জাম না থাকায় যাত্রীদের দেহ ও মালপত্র তল্লাশির নামে হয়রানি করা হয় বলে অভিযোগ উঠেছে।মান্ধাতা আমলের পদ্ধতিতে তল্লাশির কারণে যে কেউই যাত্রীবেশে আগ্নেয়াস্ত্র নিয়ে বিমানবন্দরে ঢুকে বা বিমানে উঠে যেতে পারে বলে অনেকে আশঙ্কা করেছেন।বিমানবন্দরটির ব্যবস্থাপক শহীদুল আলম চৌধুরী গত বৃহস্পতিবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে নিরাপত্তাসংক্রান্ত দুর্বলতা ও অভিযোগের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ‘বিমানবন্দরে অবশ্যই নিরাপত্তা সরঞ্জাম রাখা জরুরি।’ সে জন্য বিষয়টি তিনি ওপর মহলে জানিয়েছেন বলে উল্লেখ করেন। নিরাপত্তার স্বার্থে সব যাত্রীর দেহ ও মালপত্র তল্লাশির বিধান রয়েছে। কিন্তু সৈয়দপুর বিমানবন্দরে স্ক্যানিং মেশিনসহ স্বয়ংক্রিয় নিরাপত্তা সরঞ্জাম না থাকায় কেবল মেটাল ডিটেক্টরের মাধ্যমে কিংবা হাত দিয়ে কাজটি সারতে হচ্ছে। এতে যাত্রীরা যেমন বিব্রত হন তেমনি ব্যাগ খোলার কারণে মালপত্রের ক্ষয়ক্ষতি হয়। এ নিয়ে প্রায়শই দায়িত্ব পালনকারীদের সঙ্গে যাত্রীদের বচসা হয়। বর্তমানে এই বিমানবন্দরে বেসরকারি ইউনাইটেড এয়ারওয়েজের বিমান সপ্তাহে চার দিন চলাচল করছে।