সৈয়দপুর বিসিকের বেহাল দশা

বেহাল হয়ে পড়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সৈয়দপুর শিল্পনগর। রাস্তা খানাখন্দে ভরা। বৈদ্যুতিক খুঁটিতে থাকা বাতি জ্বলে না। জরাজীর্ণ নর্দমাগুলো দিয়ে পানিনিষ্কাষণ হয় না। ওভারহেড ট্যাংক বিকল হয়ে পড়ায় দেখা দিয়েছে পানির অভাব। আর এসব কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন উদ্যোক্তারা।
শিল্পনগরের ভেতরে সম্প্রতি সরেজমিন ঘুরে এমন চিত্রই দেখা গেছে। আর সেখানে শিল্পকারখানা গড়ে তোলা উদ্যোক্তারা বলেছেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিসিকের অভ্যন্তরে রাস্তাঘাট খানাখন্দে পরিণত হয়েছে। ফলে উৎপাদিত পণ্য পরিবহন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। পরিবহন খরচও বেশি গুনতে হচ্ছে। আর ৭ আগস্ট ওভারহেড ট্যাংকটি বিকল হয়ে পড়েছে। সব মিলিয়ে এখানকার কারখানাগুলোতে উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে।
নীলফামারীর সৈয়দপুরে এই শিল্পনগরটি প্রতিষ্ঠা করা হয় ১৯৮৬ সালে। শহরের বঙ্গবন্ধু সড়কের পাশে ১১ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত এই শিল্পনগরে ৯০টি প্লটে গড়ে উঠেছে ৪৭টি শিল্পকারখানা। এর মধ্যে কেবল একটি শিল্পকারখানা পুঁজি-সংকটে বন্ধ হয়ে গেছে। বািক সব কারখানাই চালু আছে। এর মধ্যে ২৪টি খাদ্য ও খাদ্যজাত শিল্প, ১৬টি হালকা প্রকৌশল শিল্প, পাঁচটি রসায়নশিল্প এবং একটি পাটকল রয়েছে। এখানে তৈরি হচ্ছে ময়দা, সেমাই, বিস্কুট, চানাচুর, পেরেক, টিউবওয়েল, রিকন্ডিশন্ড বয়লার, টেক্সটাইল মিলের যন্ত্রাংশ, রিকশা-সাইকেলের যন্ত্রাংশ, অ্যালুমিনিয়াম তৈজসপত্র, মিশ্র সার, কাপড় কাচার সাবান, সুতলি ও বস্তা।
বিসিক ও উদ্যোক্তাদের সঙ্গে আলাপ করে জানা যায়, এই শিল্পনগরে প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছেন উদ্যোক্তারা। এসব কারখানায় কর্মসংস্থান হয়েছে দুই হাজার নারী-পুরুষের। গেল ২০১৩-১৪ অর্থবছরে এই শিল্পনগর থেকে ৯৮ কোটি পাঁচ লাখ টাকার পণ্য রপ্তানি হয়েছে। আর উদ্যোক্তারা সরকারকে রাজস্ব দিয়েছেন দুই কোটি ২৫ লাখ টাকা।
অথচ, দেশের এই লাভজনক শিল্পনগরটিকে আরও লাভজনক করা কিংবা সুযোগ-সুবিধা বাড়ানোর দিকে যেন মনোযোগ নেই বিসিক কর্তৃপক্ষের—এমনটাই মনে করেন সেখানকার উদ্যোক্তারা।
সৈয়দপুরের বিসিক কার্যালয় সূত্র জানায়, এই শিল্পনগরে সোয়া তিন কিলোমিটারের রাস্তার মধ্যে দুই কিলোমিটারের অবস্থাই নাজুক। দীর্ঘদিনেও এর কোনো সংস্কার হয়নি।
সাইকেল-রিকশার খুচরা যন্ত্রাংশ তৈরি হয় রেড স্টার ইঞ্জিনিয়ারিং কারখানায়। ওই কারখানার স্বত্বাধিকারী শাহনেওয়াজ ইমাম প্রথম আলোকে বলেন, বিসিকের রাস্তার করুণ অবস্থা। পণ্য পরিবহনে প্রায়ই ট্রাক-পিকআপের বিভিন্ন যন্ত্রাংশ (যেমন: এক্সেল, ডিফেনসিয়াল ফ্রেম) ভেঙে যাচ্ছে। এমন ঝুঁকি থাকায় যানবাহনগুলো বিসিকে ঢুকতে চায় না। এলেও বেশি ভাড়া গুনতে হচ্ছে। তাঁর অভিযোগ, শিল্পনগরের বাতিগুলো বিকল থাকায় রাতে চুরির ঘটনাও ঘটছে। এসব নিয়ে অভিযোগ করেও কোনো লাভ হচ্ছে না।
এ কে অ্যালুমিনিয়াম ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক মো. সাব্বাত আলী বলেন, ‘বিসিকে রাস্তা, নর্দমা কিছুই ভালো নেই। কেন এ শিল্পনগরটির উন্নয়ন হচ্ছে না তা বুঝতে পারি না।’
ওভারহেড ট্যাংকটি বিকল হয়ে পড়ায় বেশ সমস্যায় পড়েছে গাউসিয়া ফ্লাওয়ার মিল। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. সরফরাজ বলেন, ‘প্রতিদিন এ শিল্পনগরের ৫০ হাজার গ্যালন পানির প্রয়োজন। কিন্তু ওভারহেড ট্যাংকটি বিকল থাকায় আমরা পানি পাচ্ছি না। কারখানা সচল রাখতে অগভীর নলকূপের পানি ব্যবহার করা হচ্ছে। এতে পণ্যের মান ধরে রাখা যাচ্ছে না।’ এই ট্যাংকটি মেরামতের জন্য বিসিক কার্যালয়ে আবেদন জানানো হয়েছে বলে জানান তিনি।
এসব বিষয় নিয়ে কথা হয় সৈয়দপুর বিসিক শিল্পনগরের শিল্পনগর কর্মকর্তা মো. গোলাম রব্বানীর সঙ্গে। তিনি প্রথম আলোকে জানান, ‘সড়ক, নর্দমা সংস্কারে প্রধান কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি, শিগগির ওসব সংস্কার হবে। আর ওভারহেড ট্যাংকটি মেরামতের প্রক্রিয়া চলছে।’ তবে কবে নাগাদ এটি চালু হবে তা জানাতে পারেননি তিনি।
সূত্র জানায়, রাস্তা-নর্দমা সংস্কারসহ বেশ কিছু জিনিস মেরামতের জন্য গত বছরের মে মাসে ৮৪ লাখ টাকার একটি প্রস্তাব বিসিকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিসিকের প্রধান কার্যালয়ের শিল্পনগর শাখার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিসিকের বেশ কয়েকটি শিল্পনগরে রাস্তাঘাটের অবস্থা ভালো না। এর কয়েকটিতে চলতি অর্থবছরে মেরামত ও পুনর্নির্মাণকাজ হবে। এর মধ্যে সৈয়দপুর শিল্পনগরও রয়েছে। কত দিনের মধ্যে এ কাজ শুরু হবে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, কী কী কাজ করা হবে, এতে কত ব্যয় হতে পারে, সেসবের হিসাব-নিকাশের কাজ চলছে। এটা হয়ে গেলেই সেখানে কাজ শুরু হবে।