সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ৫৬টি কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় ৫৬টি পুরোনো রেলকোচ (বগি) মেরামত করা হচ্ছে। এই কোচগুলো রেলবহরে সংযোজিত হলে আগামী ঈদুল আজহায় অতিরিক্ত ১০ হাজার যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে বলে মনে করছে কারখানা কর্তৃপক্ষ।কারখানা সূত্রে জানা গেছে, মেরামত চলা ৫৬টি কোচের মধ্যে ৩৬টি ব্রডগেজ (বড় লাইনের) এবং ২০টি মিটারগেজ (ছোট লাইনের)। ইতিমধ্যে মেরামত শেষে কারখানা কর্তৃপক্ষ রেলওয়ের ট্রাফিক বিভাগকে ১৮টি কোচ বুঝিয়ে দিয়েছে। বাকি কোচগুলোর মেরামতকাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এ জন্য দৈনন্দিন কাজের চেয়ে অতিরিক্ত এক ঘণ্টা কাজ করছেন কারখানার প্রকৌশলী ও কর্মচারীরা।সড়কপথের বেহাল অবস্থার কারণে দূরপাল্লার যাত্রীরা গত ঈদে নিরাপদ যান হিসেবে ট্রেনকে বেছে নেয়। সেজন্য পুরোনো রেলকোচ মেরামতের পদক্ষেপ নেওয়া হয়েছে। সৈয়দপুর রেলওয়ে কারখানা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নতুন কোচ আমদানি বন্ধ রয়েছে। এর ফলে বগিসংকট সৃষ্টি হয়েছে। তাই অনেক রুটেই ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সূত্রটি আরও জানায়, গত ঈদে এই কারখানায় ৪৭টি কোচ মেরামত করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ৫২টি কোচ মেরামত করে তা রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হয়। ওইসব কোচ বিভিন্ন আন্তনগর ট্রেনে সংযোজন করে অতিরিক্ত যাত্রী পরিবহনও হয়েছিল। এ অবস্থায় আগামী ঈদুল আজহাকে সামনে রেখে ৫৬টি রেলকোচ তৈরির উদ্যোগ নেওয়া হয়।জানা যায়, এসব কোচ মেরামতের বিষয়ে এরই মধ্যে কারখানার ২২টি উপকারখানার শ্রমিকদের নিয়ে আন্তকারখানা বৈঠক করেছে কারখানা কর্তৃপক্ষ। বৈঠকে ৫৬টি কোচ মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়।সৈয়দপুর কারখানা শাখার শ্রমিক লীগের সম্পাদক মোখছেদুল মোমিন প্রথম আলোকে বলেন, ঈদে ঘরমুখী মানুষের কথা ভেবে রেলওয়ে এই উদ্যোগ নিয়েছে।সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মঞ্জুর-উল-আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সবার সহযোগিতায় আশা করছি ঈদের ঘরমুখী মানুষের সেবায় রেলওয়ের ট্রেনগুলোতে আমাদের মেরামত করা ৫৬টি কোচ সংযোজিত হবে। অতিরিক্ত ১০ হাজার যাত্রী এর সুফল ভোগ করবে।’