সৈয়দপুরে এক মাসের মধ্যে উড়বে অভ্যন্তরীণ বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাসের মধ্যেই সৈয়দপুর-ঢাকার আকাশপথে অভ্যন্তরীণ গন্তব্যের যাত্রীবাহী বিমান ওঠানামা শুরু করবে। গত শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অব্যাহত লোকসানের অজুহাতে সৈয়দপুর-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। পরে রয়েল বেঙ্গল ও ইউনাইটেড এয়ারওয়েজ নামের দুটি বেসরকারি বিমান সংস্থা এ রুটে বিমান চালানোর উদ্যোগ নেয়। কিন্তু তারাও মাত্র এক বছরের মাথায় তাদের কার্যক্রম গুটিয়ে নেয়।সূত্র জানায়, অতীতে বৃহত্তর রংপুর-দিনাজপুরের আট জেলার সংসদ সদস্যরা সৈয়দপুর থেকে বিমান ব্যবহার করে রাজধানী ঢাকায় যাতায়াত করতেন। বিমানপথ বন্ধ হয়ে যাওয়ায় এ অঞ্চলের সাংসদদের দূরবর্তী গন্তব্যে যাতায়াত করতে সড়ক ও রেলপথ ব্যবহার করতে হচ্ছে।এ ছাড়া উত্তরা ইপিজেড, বড়পুকুরিয়া কয়লাখনি, মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প, সৈয়দপুর রেলওয়ে কারখানা ও পঞ্চগড়ের চা-বাগানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানপথ বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়েছেন।সৈয়দপুর বিমানবন্দর সূত্রে জানা যায়, সরকার বিমান চালানোর জন্য জোর তৎপরতা শুরু হয়েছে। বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো যাতে লোকসানের সম্মুখীন না হয়, এ জন্য সৈয়দপুর বিমানবন্দরের অবতরণ মাশুল (ল্যান্ডিং ফি) মওকুফ করারও সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।এ ব্যাপারে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শহীদুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আগামী ১৯ জুনের মধ্যে এ রুটে আবার বিমান চলাচল করবে। সে অনুযায়ী আমরা যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছি।’বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের প্রথম আলোকে বলেন, ‘এক মাসের মধ্যেই সৈয়দপুর-ঢাকা রুটে বিমান উড়তে দেখা যাবে। এ নিয়ে আমরা বিভিন্ন উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানিয়েছি।’