
ঈদ ও পূজায় ঘরমুখী যাত্রীদের পরিবহনসেবা দিতে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় অতিরিক্ত কোচ মেরামতকাজ চলছে জোরেশোরে। নানা সীমাবদ্ধতা ও সংকট সত্ত্বেও এবার ৬১টি কোচ মেরামত হচ্ছে এ কারখানায়।
তবে এরই মধ্যে ২৯টি বড় লাইনের (বিজি) ও ১০টি ছোট লাইনের (এসজি) কোচ রেলওয়ে পরিবহন (ট্রাফিক) বিভাগের হাতে হস্তান্তর করা হয়েছে। এসব কোচ মেরামত করতে পাঁচ লাখ থেকে ১২ লাখ টাকা পর্যন্ত ব্যয় হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাকি কোচগুলোও হস্তান্তর শেষ হবে।
এসব কোচ ঢাকা থেকে পশ্চিমাঞ্চলমুখী আন্তনগর ট্রেনবহরে জুড়ে দেওয়া হবে। এ ছাড়া পরিচালনা করা হবে দুটি বিশেষ ট্রেনও। ওই ট্রেন দুটি চলবে ঢাকা-পার্বতীপুর ও ঢাকা-খুলনা রুটে। আর এসবের ফলে বাংলাদেশ রেলওয়ে এবার অধিকসংখ্যক যাত্রী পরিবহন করতে পারবে। সৈয়দপুর রেলওয়ে সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানা বিভাগের তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহম্মেদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা সীমাবদ্ধতা অতিক্রম করেছি। রেলওয়েকে এবার আমরা ৬১টি কোচ প্রদান করছি। গত রোজার ঈদে এখান থেকে ৮৩টি কোচ হস্তান্তর হয়েছে। এ থেকে বোঝা যায় আমাদের শ্রমিক, প্রকৌশলীরা কতটা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।’
রেলওয়ে কারখানার ক্যারেজ শপের ইনচার্জ ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (এসএসএই) দিলশাদ করিম জানান, এবার এই কারখানায় ৭০টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল। কিন্তু কারখানায় কাঁচামাল সংকট ও নতুন অর্থবছরের বাজেট না পৌঁছানোর কারণে সে লক্ষ্যমাত্রা কমিয়ে দেওয়া হয়। পরে ৬০টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। সেভাবেই এখন কাজ চলছে।
গত সোমবার সরেজমিন সৈয়দপুরের রেলওয়ে কারখানা ঘুরে দেখা যায়, রেলওয়ের কারখানার উপকারখানা ক্যারেজ, জেনারেল ওভারহোলিং (জিওএইচ) ও ক্যারেজ হেভি রিপিয়ার (সিএইচআর) শপে শ্রমিক-প্রকৌশলীরা টানা কাজ করছেন।
ক্যারেজ শপের শ্রমিক আবদুর রহমান জানান, সামনে কোরবানি ঈদ। একই সঙ্গে দুর্গাপূজারও ছুটি শুরু হচ্ছে। উৎসব এলেই ক্যারেজ মেরামতের বিশাল লক্ষ্যমাত্রা দেওয়া হয় তাঁদের। সে অনুযায়ী তাঁরা সবাই মিলে কাজ করছেন।
রেলওয়ে সূত্র জানায়, আমলাতান্ত্রিক জটিলতায় সৈয়দপুর রেলওয়ে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে যথাসময়ে চাহিদামতো কাঁচামাল মেলে না। ওই কার্যালয়ের মজুত থেকে রেলওয়ে কারখানাটিতে কাঁচামাল সরবরাহ করা হয়। কিন্তু চলতি অর্থবছর জেলা সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে কাঁচামালের তীব্র সংকট দেখা দেয়। ফলে ঈদ ও পূজায় কোচ মেরামতের লক্ষ্যমাত্রা পূরণ হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল।
তবে কাঁচামাল সংকটের বিষয়টি অস্বীকার করে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক (ডিসিওএস) বেলাল হোসেন সরকার প্রথম আলোকে বলেন, ‘রেলওয়ে কারখানার চাহিদা অনুযায়ী আমরা সরঞ্জাম সরবরাহ দিয়েছি। বর্তমানে কোনো মালামাল সংকট নেই।’
সৈয়দপুর রেলওয়ে কারখানায় তিন হাজার ২৮৪ জন শ্রমিক থাকার কথা থাকলেও এখন কর্মরত আছেন মাত্র এক হাজার ৪০৮ জন। এই স্বল্পসংখ্যক জনবল দিয়েই চলছে কারখানায় রেলকোচ মেরামতের নিয়মিত কার্যক্রম। আবার বিভিন্ন ধর্মীয় উৎসবে, বিশেষ করে দুই ঈদে যাত্রীদের পরিবহনসেবা নিশ্চিত করতে দৈনন্দিন কাজের অতিরিক্ত হিসেবে মেরামত করতে হয় অধিকসংখ্যক কোচ। এই অবস্থায় জনবল ও কাঁচামাল সংকট নিরসনে সরকারিভাবে পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন এখানকার শ্রমিক-কর্মচারীরা।
কারখানার রেলওয়ে শ্রমিক লীগের সম্পাদক মোখছেদুল মোমিন আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে আমদানি করা রেলওয়ে সরঞ্জাম ও কাঁচামাল চট্টগ্রামের পরিবর্তে সরাসরি সৈয়দপুর স্টোর ডিপোতে সরবরাহের দাবি জানান। এতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় উৎপাদন বাড়বে বলে মন্তব্য করেন তিনি।