সৈয়দপুরে তৈরি পোশাক খাতের উন্নয়নে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুরের তৈরি পোশাক খাতে বিদ্যমান সমস্যার সমাধান এবং শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে এখানে একটি পোশাকপল্লি স্থাপনের তৎপরতা চলছে। এ বিষয়ে আলোচনা করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সৈয়দপুরে আসছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।এদিকে কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী গত রোববার সৈয়দপুরের ব্যাংক ব্যবস্থাপক ও রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস শিল্প মালিক সমিতির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার মহাব্যবস্থাপক মো. ইলিয়াস সিকদার। সভায় সৈয়দপুরের ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির সভাপতি আখতার হোসেন খান বক্তব্য দেন। সৈয়দপুরের ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির নেতারা এর আগে ঢাকায় গভর্নর আতিউর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক রংপুরে বৈঠক করেন।সৈয়দপুরের ব্যাংক ব্যবস্থাপক ফোরামের সাধারণ সম্পাদক ও বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক ইকরামুল বারী প্রথম আলোকে জানান, গার্মেন্টস উদ্যোক্তারা ব্যাংকিং সেবা পেলে এলাকায় ব্যাপক কর্মসংস্থান ও অধিক হারে তৈরি পোশাক বিদেশে রপ্তানি করা যাবে। উল্লেখ্য, সৈয়দপুরের ক্ষুদ্র গার্মেন্টস কারখানাগুলোয় বর্তমানে কমপক্ষে পাঁচ হাজার শ্রমিক কর্মরত। এখানকার শটস্, জ্যাকেট, ট্রাউজার, শার্ট, টি-শার্ট, নিটিংসামগ্রী ভারত, নেপাল ও ভুটানে রপ্তানি হয়।