সৈয়দপুরে নতুন পাটকল উদ্বোধন
রানু অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড নামে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের কলাবাগানে নতুন একটি পাটকলের যাত্রা শুরু হয়েছে।উদ্যোক্তাদের সূত্রে জানা গেছে, পাঁচ একর জমির ওপর ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পাটকলে এক হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। এতে প্রতিদিন ১০ হাজার মেট্রিক টন পাটপণ্য উৎপাদন করা যাবে। এর মধ্যে সুতলি, বস্তা ও চট উল্লেখযোগ্য।আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক প্রধান অতিথি হিসেবে গতকাল রোববার পাটকলটির উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রানু অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সুশীল কুমার দাস। এ সময় অন্যান্যের মধ্যে পাটকলটির চেয়ারম্যান শ্যামলী রানী দাস, সুশান্ত কুমার দাস ও মহাব্যবস্থাপক প্রকাশ চন্দ্র দাস, পল্লী বিদ্যুৎ সমিতি রংপুর-২-এর মহাব্যবস্থাপক দেওয়ান তোফাজ্জল হোসেন, নীলফামারী চেম্বারের সভাপতি ওয়াহেদ সরকার, সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী, সৈয়দপুর বিএনপির সভাপতি অধ্যক্ষ আবদুল গফুর সরকার, অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন প্রমুখ বক্তব্য দেন।