সৈয়দপুরে নতুন রেলকোচ কারখানা স্থাপনের উদ্যোগ
সৈয়দপুরে দ্বিতীয় রেলওয়ে কারখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দুই দিনের প্রাথমিক সমীক্ষা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে।সমীক্ষাটি চালায় ভারতীয় রেলওয়ের অঙ্গপ্রতিষ্ঠান রাইটস লিমিটেড ও ইন্ডিয়ার গ্রুপ জেনারেল ম্যানেজার পুনিত কুমারের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদল। পুনিত কুমার বলেন, ‘সৈয়দপুরে যেহেতু রেলওয়ের একটি মেরামত কারখানা রয়েছে, সেহেতু এখানে অনুকূল পরিবেশ ও অনেক সুযোগ-সুবিধা রয়েছে। আমরা কেবল একটি নতুন কারখানা স্থাপনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও মেশিন স্থাপনের দিকগুলো বিবেচনায় রেখেছি।’পুনিত কুমার আরও জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে উচ্চপর্যায়ের আরও একটি ভারতীয় প্রতিনিধিদল সৈয়দপুর সফরে আসবে। তারা অবকাঠামো নির্মাণ ও কারিগরি দিক নিয়ে সম্ভাব্যতা যাচাই করে বাংলাদেশ রেলওয়ের কাছে একটি প্রতিবেদন জমা দেবে।জানা গেছে, ভারতীয় অর্থায়নে সৈয়দপুরে এই নতুন রেলকোচ (বগি) নির্মাণ কারখানা হবে।বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক খলিলুর রহমান প্রথম আলোকে জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী সৈয়দপুরে আরও একটি রেল কারখানা স্থাপনের নির্দেশনা দেন। এ ছাড়া ২২ জানুয়ারি রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তও এখানে আরেকটি কারখানা স্থাপনের ঘোষণা দেন। সে অনুযায়ীই বাংলাদেশ রেলওয়ে একটি রূপরেখা তৈরি করেছে এবং ভারতীয় প্রতিনিধিদল সমীক্ষা চালাচ্ছে।খলিলুর রহমান জানান, ১৮৭০ সালে তৎকালীন আসাম-বেঙ্গল রেলওয়ের বৃহত্তম কারখানাটি স্থাপন করা হয় সৈয়দপুরে। অতীতে এখানে নতুন কোচও নির্মাণ করা হলেও বর্তমানে কেবল রেলওয়ে কোচ ও ওয়াগন মেরামত করা হয়।