সৈয়দপুরে নিকাশঘর হচ্ছে
উত্তরাঞ্চলের বাণিজ্যিক শহর সৈয়দপুরে আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ক্লিয়ারিং হাউস বা নিকাশঘর স্থাপন করা হচ্ছে।জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এরই মধ্যে সোনালী ব্যাংকের রংপুর বিভাগের প্রধান কার্যালয়কে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, উপজেলা শহর হলেও বাণিজ্যিক সম্ভাবনা এবং ঐতিহাসিক ও ভৌগোলিক গুরুত্বের কারণে সৈয়দপুরে ক্লিয়ারিং হাউস স্থাপন করা হচ্ছে। ১৮৭০ সালে ব্রিটিশ আমলে এখানে আসাম-বেঙ্গল রেলওয়ের বৃহত্তম রেলওয়ে কারখানা গড়ে ওঠার পর থেকে বাণিজ্যিক সম্ভাবনাও সৃষ্টি হতে থাকে। বর্তমানে এই অঞ্চলে উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড), বড়পুকুরিয়া কয়লা খনি, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ প্রকল্প ও মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প রয়েছে। এ ছাড়া শহরটিতে ২২টি বাণিজ্যিক ব্যাংকের শাখা আছে। এসব শাখায় মাসে কমপক্ষে ৬০০ কোটি টাকার লেনদেন হয়ে থাকে। আরও ছয়টি ব্যাংক শিগগির এখানে শাখা খুলতে যাচ্ছে।সৈয়দপুরের ব্যাংক ম্যানেজার ফোরাম এখানে একটি নিকাশ ঘর স্থাপনের দাবি করে আসছিল। এ নিয়ে গত বছরের ১৪ ডিসেম্বর প্রথম আলোয় একটি প্রতিবেদনও প্রকাশিত হয়।ব্যাংক ম্যানেজার ফোরামের সাধারণ সম্পাদক ও বেসিক ব্যাংকের সৈয়দপুর শাখার ব্যবস্থাপক ইকরামুল বারী জানান, সৈয়দপুরে ক্লিয়ারিং হাউস হলে আন্তব্যাংক লেনদেনে নগদ টাকা বহন করতে হবে না। পূবালী ব্যাংকের স্থানীয় শাখার ব্যবস্থাপক শাহীন মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সৈয়দপুর ব্যাংক ম্যানেজার ফোরামের মাসিক সভায় বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে। ব্যাংক ম্যানেজার ফোরামের সভাপতি ও সিটি ব্যাংক স্থানীয় শাখার ব্যবস্থাপক আবদুল হালিম জানান, ক্লিয়ারিং হাউস স্থাপিত হলে এখানে আধুনিক ব্যাংক-ব্যবস্থাপনা গড়ে ওঠার পাশাপাশি আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং বিনিয়োগের পরিবেশও উন্নত হবে। সৈয়দপুর চেম্বারের সভাপতি ইদ্রিস আলী এখানে ক্লিয়ারিং হাউস গড়ার উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অভিনন্দন জানিয়েছেন। এ ব্যাপারে চেম্বারের পক্ষ থেকে গভর্নরকে শুভেচ্ছা জানিয়ে গত বৃহস্পতিবার একটি চিঠিও দেওয়া হয়েছে।