সৈয়দপুরে পলিবস্তার দাপটে পাটকলগুলো এখন বিপাকে
পলিথিনের বস্তার দাপটে সৈয়দপুরের পাটকলগুলো বিপাকে পড়েছে। কারণ বস্তা বিক্রি করতে না পারায় এসব পাটকলের উৎপাদন কমে গেছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে পাটের বাজারে। এতে কৃষকেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সৈয়দপুরে বর্তমানে পাঁচটি পাটকল রয়েছে। এগুলো হলো পোদ্দার অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, এনডি জুট মিল, ইকু জুট মিল, রানু অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও সেলিম জুট মিল লিমিটেড। তাদের অভিযোগ, খাদ্যপণ্য বিপণনে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করা হলেও তা মানা হচ্ছে না। প্রশাসনও এ-সংক্রান্ত বিধিমালার আলোকে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই সুযোগে সৈয়দপুরে বেশ কিছু পলিবস্তা বা ব্যাগের কারখানা গড়ে উঠেছে। জানতে চাইলে সৈয়দপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম জানান, যেসব ব্যবসায়ী বিধিমালা মানছেন না, তাঁদের বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।পোদ্দার অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক রাজু কুমার পোদ্দার জানান, দুই বছর আগেও পাটের বস্তার ব্যাপক চাহিদা ছিল। তখন উত্তরাঞ্চলে পাটের দাম মণপ্রতি এক হাজার ৮০০ টাকায় উঠেছিল। কিন্তু পলিবস্তার দাপটে পাটের বস্তার উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। আর পাটের দামও মণপ্রতি এক হাজার ৮০০ টাকা থেকে এক হাজার ১০০ টাকায় নেমেছে। সৈয়দপুর উপজেলার আইসঢাল গ্রামের কৃষক রওশন আলী ও বালাপাড়া গ্রামের কৃষক জমির উদ্দিন বলেন, ব্যবসায়ীদের পাটের বস্তা ব্যবহারে বাধ্য করা হলে পাটকলগুলোতে উৎপাদন চাঙা হবে ও পাটের চাহিদা বাড়ার পাশাপাশি বাজারে পাটের দামও বাড়বে।