সৈয়দপুরে পোশাকপল্লি গড়ে তোলার আশ্বাস গভর্নরের
সৈয়দপুরে একটি পোশাকপল্লি গড়ে তোলার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।সৈয়দপুরের রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল সোমবার ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশ্বাস দেন বলে জানা গেছে। গভর্নরের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে যান সমিতির নেতারা।প্রতিনিধিদলটিতে ছিলেন সৈয়দপুরের রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির সভাপতি আখতার হোসেন খান, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, রপ্তানিকারক মো. সেলিম, মতিয়ার রহমান দুলু, পাপ্পু ও আইনুল হক।সমিতির নেতারা জানান, গভর্নর তাঁদের অভিনন্দন জানিয়ে বলেন, সৈয়দপুরে গার্মেন্টস শিল্পে সর্বাত্মক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা দেওয়া হবে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর পোশাকপল্লি স্থাপনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়ায় সৈয়দপুরে শিল্প-সম্ভাবনার দুয়ার খুলে যাচ্ছে বলে মনে করেন স্থানীয় উদ্যোক্তারা। তাঁরা আশা করেন, এবার সৈয়দপুরে ভিন্নমাত্রিক গার্মেন্টসপল্লি গড়ে উঠবে।গত ২৪ জুলাই দৈনিক প্রথম আলোতে সৈয়দপুরে গার্মেন্টস শিল্পের সম্ভাবনা নিয়ে ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জয়যাত্রা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে বেসিক ব্যাংকের স্থানীয় শাখা ব্যবস্থাপক একরামুল বারীর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ ব্যাপারে খোঁজ-খবর নেন এবং এখানকার উদ্যোক্তাদের ঢাকায় আমন্ত্রণ জানান।প্রসঙ্গত, সৈয়দপুরের উদ্যোক্তাদের সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে ইতিমধ্যে একাধিক তৈরি কাপড় কারখানা (গার্মেন্টস) গড়ে ওঠে। তাঁরা ঢাকা থেকে ঝুট কাপড় এনে নিজেদের ক্ষুদ্র কারখানাগুলোতে জ্যাকেট, শটস্, নিটিং, ট্রাউজার, থ্রি কোয়ার্টার ও হাফ প্যান্ট প্রভৃতি পোশাক তৈরি করে ভারত, নেপাল ও ভুটানে রপ্তানি করে আসছেন।উদ্যোক্তারা জানান, সৈয়দপুরের পোশাক কারখানাগুলোতে বর্তমানে পাঁচ হাজার শ্রমিক কর্মরত রয়েছে। এখানে পোশাকপল্লি গড়ে তোলা হলে পর্যাপ্ত বিনিয়োগ ও বিপুলসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান হবে।