সৈয়দপুরে পোশাকশিল্প মালিক সমিতির নতুন নেতৃত্ব নির্বাচন
সৈয়দপুরের রপ্তানিমুখী ক্ষুদ্র পোশাকশিল্প মালিক সমিতির নির্বাচনে সম্মিলিত পরিষদ সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয়েছে।১৩টি পদের মধ্যে ১২টির নির্বাচন হয়। এর মধ্যে নয়টিতেই জয়ী হয়েছে সম্মিলিত পরিষদ। বাকি তিনটি পদে জিতেছেন আরশাদ-শাহীন পরিষদের প্রার্থীরা। সংগঠনের নিজস্ব কার্যালয়ে গত শুক্রবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আকতার হোসেন খান পুনর্নির্বাচিত হয়েছেন।ভোটের মাধ্যমে অন্যান্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন শহীদুল ইসলাম জ্যেষ্ঠ সহসভাপতি, সাইদুর রহমান সহসভাপতি, মতিয়ার রহমান সাধারণ সম্পাদক, শেখ মাসুদ সহ-সাধারণ সম্পাদক, মো. সেলিম শেখ কোষাধ্যক্ষ, সিরাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মো. নাসিম দপ্তর সম্পাদক, মাহবুব আলম সমাজকল্যাণ সম্পাদক ও শেখ বাচ্চু প্রচার সম্পাদক। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন মো. আকতার, শেখ সোহেল ও হুমায়ুন কবির।