সৈয়দপুরে প্রতিযোগিতা করে ভাড়া কমাচ্ছে দুই বিমান সংস্থা

সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনাকারী বেসরকারি দুই বিমান পরিবহন সংস্থা ভাড়া কমানোর প্রতিযোগিতায় নেমেছে। ফলে এই পথে বিমানের ভাড়া আগের তুলনায় কমেছে। তাই যাত্রীও বেড়ে গেছে।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শাহীন আহমেদ প্রথম আলোকে বলেন, ভাড়া কমানোর কারণে এখন এই বিমানবন্দর দিয়ে চলাচলকারী যাত্রীর সংখ্যাও বেড়ে গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ঈদুল আজহায় যাত্রীসেবা দেওয়ার পর ইউনাইটেড এয়ারওয়েজ তাদের ভাড়া কমানোর ঘোষণা দেয়। ১৫ অক্টোবর থেকে সৈয়দপুর-ঢাকা রুটে বিমান সংস্থাটির সর্বনিম্ন ভাড়া এখন তিন হাজার টাকায় নেমে এসেছে। এই রুটে আগে ভাড়া ছিল ছয় হাজার ১৭৫ টাকা।
আবার ইউএস-বাংলা এয়ারলাইনসের সর্বনিম্ন ভাড়া ছিল সাড়ে চার হাজার। সেখান থেকে ১০ শতাংশ ছাড়ে তারা টিকিট বিক্রি করে। এরপর তা চার হাজারে নামিয়ে আনা হয়। আর এখন ভাড়া নেমে এসেছে সাড়ে তিন হাজার টাকায়।
ইউএস-বাংলা এয়ারলাইনসের সৈয়দপুর এয়ারপোর্ট সার্ভিসের নির্বাহী স্টেশন ইনচার্জ মো. নূরে সাহাদাত আলম বলেন, ‘ সৈয়দপুর বিমানবন্দরে দুটি সংস্থার বিমান চলছে। মূলত যাত্রীসেবার কথা ভেবেই আমাদের এই ভাড়া কমানোর উদ্যোগ।’ তিনি বলেন, গত ১৫ অক্টোবর থেকে তাঁদের ৭৬ আসনের উড়োজাহাজটি পূর্ণ যাত্রী নিয়ে সপ্তাহে চার দিন চলাচল করছে। যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দিতে পরিবহনসেবাও দিচ্ছে বিমান সংস্থাটি।
ইউনাইটেড এয়ারওয়েজের সৈয়দপুর এজেন্সি কার্যালয়ের পরিচালক তারিকুল আলম জানান, ‘আমরা সেবার মান বাড়িয়েছি। ফলে আমাদের বিমানে যাত্রীসংখ্যা দিন দিন বাড়ছে। ভাড়া কমিয়েও যাত্রীদের টিকিট দেওয়া কঠিন। ৬৪ আসনের উড়োজাহাজটি এখন পূর্ণ যাত্রী নিয়ে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।’
ইউনাইটেড এয়ার সূত্র বলছে, সেপ্টেম্বর মাস জুড়ে সর্বনিম্ন ৪০ জন থেকে সর্বোচ্চ ৬১ জন যাত্রী প্রতিটি ফ্লাইটে ভ্রমণ করেছেন। ।
অন্যদিকে গত ২ অক্টোবর পরিবহন শুরু করা ইউএস বাংলা এয়ার যাত্রা শুরুর পর থেকে পূর্ণ আসনে যাত্রী পরিবহন করে আসছে।
এদিকে বিমান ভাড়া কমে যাওয়ায় অসংখ্য বিদেশি পর্যটক উত্তরাঞ্চলে আসছেন। উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের উদ্যোক্তারা বিমানের ওপর নির্ভরতা বাড়াচ্ছেন। বিমানের ভাড়া কমানো নিয়ে গণমাধ্যমে বিজ্ঞাপন ও মাইকে প্রচারও চলছে জোরেশোরে।