সৈয়দপুরে বিসিক শিল্পনগরের দ্বিতীয় ইউনিট গড়ে উঠছে
সৈয়দপুর বিসিক শিল্পনগরের সম্প্রসারণ তথা দ্বিতীয় ইউনিট গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য শিগগিরই ভূমি অধিগ্রহণ শুরু হবে। সম্প্রসারিত এলাকায় চুমকি শাড়ি ও ক্ষুদ্র গার্মেন্টস বা তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তাদের অগ্রাধিকারের ভিত্তিতে প্লট বরাদ্দ দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্ভাবনা বিবেচনা করে গত শতকের আশির দশকের গোড়ার দিকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) উদ্যোগে প্রায় ১১ একর জমির ওপর সৈয়দপুর বিসিক শিল্পনগর গড়ে ওঠে। উপজেলা পর্যায়ে এটিই একমাত্র বিসিক শিল্পনগর। তবে শুরু থেকেই এই শিল্পনগর লাভজনক রয়েছে, যে কারণে দেশের অনেক জেলা শহরের বিসিক শিল্পনগর যেখানে গোচারণভূমিতে পরিণত হয়েছে, সেখানে সৈয়দপুর বিসিকের একটি প্লটও খালি নেই। বরং প্লট পাওয়ার জন্য উদ্যোক্তাদের জোরালো দাবি থাকায় এই শিল্পনগর সম্প্রসারণের সম্ভাবনা দেখা দিয়েছে।জানা গেছে, সৈয়দপুরের ৯০টি প্লটে ৪৭ শিল্প-কারখানা গড়ে উঠেছে এবং এর সবগুলোই সচল রয়েছে। এসব কারখানায় পাটজাত, খাদ্যজাত, সার ও কীটনাশক, ক্ষুদ্র প্রকৌশল পণ্য ইত্যাদি উৎপাদন করা হয়।সূত্রমতে, সৈয়দপুর বিসিক শিল্পনগরের সম্প্র্রসারণের ফাইলটি বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে এবং এটি দ্রুত ছাড়া হবে।সূত্রমতে, সৈয়দপুরের চুমকি শাড়ি ও গার্মেন্টস শিল্পকে নিবন্ধিত করতে তথা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গত বছরের ডিসেম্বরে বিসিক কর্তৃপক্ষকে চিঠি দেন। সৈয়দপুর বিসিকের কর্মকর্তা গোলাম রব্বানী প্রথম আলোকে জানান, এখানকার বিসিক সম্প্রসারিত হলে চুমকি শাড়ি ও গার্মেন্টস শিল্প প্রাধান্য পাবে। সৈয়দপুর রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির সভাপতি আখতার হোসেন খান বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো বিসিকে নিবন্ধিত করেছি। সে অনুযায়ী বিসিকেই গার্মেন্টসপল্লি গড়ে উঠবে বলে আশা করছি।’এ ব্যাপারে স্থানীয় সাংসদ কর্নেল (অব.) এ এ মারুফ সাকলান প্রথম আলোকে জানান, খুব শিগগিরই সৈয়দপুর বিসিক শিল্পনগর সম্প্রসারণ করা হবে। সে ক্ষেত্রে এখানে আরও পাঁচ হাজার বেকারের কর্মসংস্থানের উদ্যোগ রয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় দ্রুত জমি অধিগ্রহণের জন্য পদক্ষেপ নিচ্ছে বলে তিনি জানান।