সৈয়দপুরে সুজুকি গাড়ির মেলায় ব্যাপক সাড়া
উত্তরাঞ্চলের বাণিজ্যিক শহর সৈয়দপুরে আয়োজিত দুই দিনব্যাপী সুজুকি গাড়ির মেলা প্রথম দিনে গতকাল বুধবার বিপুল সাড়া ফেলেছে।দেশে সুজুকি গাড়ির বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটরস লিমিটেড শহরের সৈয়দপুর প্লাজায় এই মেলার আয়োজন করে। এতে ১০টি মডেলের কার বা মোটরগাড়ি স্থান পেয়েছে। এর মধ্যে অন্যতম হলো সুইফট ডিজায়ার, ওমনি, আলটো, গ্রান্ডভিটারা, ওয়াগনার ও রিজ। মেলায় এসব গাড়ি বিক্রিতে ক্রেতাদের বিশেষ ছাড় দেওয়া হচ্ছে বলে আয়োজকেরা জানান।উত্তরা মোটরস লিমিটেডের মহাব্যবস্থাপক গোলাম মোস্তফা বলেন, সুজুকি কারের ব্যাপক চাহিদার কথা বিবেচনা করেই সৈয়দপুরে এই মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী দিনেই মেলায় ১১টি কার বা মোটরগাড়ি বিক্রির আদেশ (অর্ডার) পাওয়া গেছে বলে তিনি জানান।উত্তরা মোটরসের স্থানীয় শাখা ব্যবস্থাপক তাজুল ইসলাম জানান, ‘সুজুকি কারের প্রতি দিন দিন ক্রেতাদের আগ্রহ বাড়ছে। রক্ষণাবেক্ষণসহ বিক্রয়োত্তর সেবা প্রদানের ক্ষেত্রে আমরা তুলনাহীন উদাহরণ রেখেছি।’মেলার প্রথম দিনে প্রচুরসংখ্যক ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি লক্ষ করা যায়। উত্তরবঙ্গ মোটরগাড়ির চাহিদা ধীরে ধীরে বাড়ছে, এমন বিবেচনা থেকেই এ ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।