সৈয়দপুরে স্বয়ংক্রিয় নিকাশঘর চালু
বাংলাদেশ ব্যাংক সৈয়দপুরে আন্তব্যাংক লেনদেন নিষ্পত্তির লক্ষ্যে অটোমেটেড ক্লিয়ারিং হাউস বা স্বয়ংক্রিয় নিকাশঘর চালু করেছে।স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে গত বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক এ কে এম ফজলুর রহমান। এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের উপপরিচালক খন্দকার আলী কামরান আল জাহীদ। সৈয়দপুর ব্যাংক ম্যানেজার ফোরামের সভাপতি ও সিটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক এ এস এম আবদুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের সৈয়দপুর শাখার ব্যবস্থাপক মো. রুহুল আমিন, এনসিসি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শাহাদাত হোসেন। এতে আরও বক্তব্য দেন সৈয়দপুর ব্যাংক ম্যানেজার ফোরোমের সাধারণ সম্পাদক ও বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক ইকরামুল বারী।ইকরামুল বারী জানান, সৈয়দপুর হচ্ছে শিল্প-বাণিজ্যসমৃদ্ধ একটি শহর, যেখানে বর্তমানে ১৮টি বাণিজ্যিক ব্যাংকের ২২টি শাখা রয়েছে। ক্লিয়ারিং হাউস বা নিকাশঘর চালু হওয়ায় সৈয়দপুরে আন্তব্যাংক লেনদেনে দ্রুত অর্থের প্রবাহ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে।উদ্বোধনী অনুষ্ঠানের পর স্বয়ংক্রিয় নিকাশঘরের কার্যক্রম বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সৈয়দপুরের ২২টি বাণিজ্যিক ব্যাংকের ৪৪ জন কর্মকর্তা অংশ নেন।