সৈয়দপুরের চুমকি-জরির জর্জেট শাড়ি ঢাকায় নিতে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ ও র‌্যাব ‘ভারতীয় শাড়ি’ বলে আটকে দেওয়ায় সৈয়দপুর থেকে চুমকি-জরির কাজ করা জর্জেট শাড়ি প্রায় তিন সপ্তাহ ধরে ঢাকায় আসছে না। যে কারণে ঈদের বাজার ধরতে পারেননি সৈয়দপুরের তিন হাজার কারু কারখানার মালিক। এসব কারখানা এখন বন্ধ ও ২২ হাজার শ্রমিক বেকার হওয়ার উপক্রম হয়েছে বলে দাবি করেন মালিকেরা।কারখানা মালিকেরা জানান, তাঁরা ঢাকা থেকে জর্জেটের থানকাপড় এনে স্থানীয় শ্রমিকদের দিয়ে তাতে চুমকি-জরি বসিয়ে বৈচিত্র্যময় শাড়ি তৈরি করে আবার ঢাকায় পাঠিয়ে থাকেন। কিন্তু এ ধরনের শাড়ি ঢাকায় নিয়ে যাওয়ার সময় ‘ভারতীয় শাড়ি’ বলে পার্সেল সার্ভিস ও ট্রান্সপোর্ট কোম্পানির কাভার্ড ভ্যানগুলো আটকে দেয় পুলিশ ও র‌্যাব।মালিকেরা অভিযোগ করে বলেন, দিনদিন কারু শাড়ির চাহিদা বাড়লেও পুলিশ ও র‌্যাবের বাধার কারণে পার্সেল সার্ভিস ও ট্রান্সপোর্ট কোম্পানিগুলো তা বহন করতে চায় না। এতে তাঁরা যেমন বিপাকে পড়েছেন, তেমনি শ্রমিকেরাও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দপুরে বর্তমানে কারু শাড়ির প্রায় তিন হাজার কারখানা রয়েছে, যেগুলোতে শ্রমিক কাজ করেন ২২ হাজার। এদের মধ্যে ১৭ হাজার নারীশ্রমিক।সৈয়দপুর উপজেলা এমব্রয়ডারি কারুশিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়াকিল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ঢাকার সব ফ্যাশন হাউস, মার্কেট ও শপিং মলে সৈয়দপুরে বানানো এসব কারু শাড়ির ব্যাপক চাহিদা রয়েছে। এখানকার কারখানাগুলো থেকে সপ্তাহে ঢাকায় ৫০ হাজারেরও বেশি শাড়ি যায়। কিন্তু বঙ্গবন্ধু সেতুর কাছে পুলিশ ও র‌্যাব এসব শাড়ি বহনকারী কাভার্ড ভ্যান থামিয়ে অযথা হয়রানি করছে। তারা শাড়িগুলো নামিয়ে নেয় এবং বলে, ‘এসব শাড়ি ভারতীয়। চোরাচালানিরা ওই শাড়ি ঢাকায় বাজারজাত করতে ভুয়া চালানের মাধ্যমে পার্সেলে বুকিং দিচ্ছে।’সংগঠনের সাধারণ সম্পাদক এস এম আলী তাত্তু বলেন, ‘আমরা কোনো রকম ভারতীয় শাড়িতে কারুকাজ করি না। ঢাকা থেকে জর্জেট থানকাপড় এনে তাতে নিখুঁত সব কারুকাজ করি। শাড়িতে মিলের সিল এবং কারু কারখানার চালান দেখানো হলেও পুলিশ-র‌্যাব এসব আমলে নেয় না। তারা অযথা হয়রানি করছে।’সৈয়দপুর পৌরসভার মেয়র আখতার হোসেন বাদল প্রথম আলোকে বলেন, ‘পুলিশি হয়রানির কারণে কারু কারখানাগুলো এখন বন্ধের উপক্রম। সৈয়দপুরের ওই সম্ভাবনাময় শিল্পটি যাতে বন্ধ হয়ে না যায়, তা খতিয়ে দেখতে নীলফামারীর পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করা হয়েছে।’এদিকে সৈয়দপুরের পুলিশ সুপার অসুস্থতার কারণে ঢাকায় থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘কারু শাড়ি ঢাকায় পাঠানো নিয়ে একটা জটিলতা হচ্ছে, তা আমরা জেনেছি। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে।’ স্থানীয় সাংসদ কর্নেল (অব.) এ এ মারুফ সাকলান সম্প্রতি জানান, ‘সৈয়দপুরের কারুশিল্প উদ্যোক্তারা এ নিয়ে লিখিতভাবে আমাকে অবহিত করেছেন।’ তিনি স্বীকার করেন যে পুলিশি হয়রানির কারণে সৈয়দপুরের সম্ভাবনাময় শিল্পটি চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ বিষয়টি তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করবেন বলে জানান।