সৈয়দপুরের বেনারসির বাজারে বিদেশি শাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারে ঈদ উপলক্ষে ঢাকার ব্যবসায়ীদের কাছ থেকে সৈয়দপুরের বেনারসিপল্লির তাঁতিরা মাত্র ৪০ লাখ টাকার শাড়ি সরবরাহের অর্ডার বা আদেশ পেয়েছেন।অথচ এক বছর আগেও ঈদ সামনে রেখে দুই কোটি টাকার বেশি মূল্যমানের আদেশ পাওয়া গেছে বলে জানান স্থানীয় তাঁতিরা। জানা গেছে, সৈয়দপুরের কাজীহাট ও হাওয়ালদারপাড়ায় গড়ে ওঠা বেনারসিপল্লিতে এক সময় প্রায় দুই হাজার তাঁত নিয়ে পাঁচ হাজার তাঁতি বেনারসি শাড়ি তৈরির পেশায় জড়িত ছিলেন। এখন আর সেই অবস্থা নেই। বর্তমানে মাত্র গোটা পঞ্চাশেক তাঁত টিকে আছে। বছর দুয়েক আগেও ঢাকার ব্যবসায়ীরা এখান থেকে প্রতি মাসে ৮০ লাখ থেকে এক কোটি টাকার বেনারসি শাড়ি নিয়ে যেতেন, যা ঈদের সময়ে প্রায় দুই কোটি টাকায় উন্নীত হতো।বেনারসি কল্যাণ সমিতির সাবেক সভাপতি মনজুর আলম আনসারী প্রথম আলোকে বলেন, ‘ভারতীয় শাড়ির দাপটে আমাদের তৈরি বেনারসি মার খেতে বসেছে।’ভারতীয় শাড়িগুলো অনেক বৈচিত্র্যময়, পাওয়ার লুমে তৈরি ও দাম তুলনামূলক কম হওয়ায় বেশি বিক্রি হচ্ছে, যে কারণে দেশীয় বেনারসির মান অনেক ভালো হওয়া সত্ত্বেও এটির চাহিদা কমছে বলে মনে করা হয়। বেনারসিপল্লির তাঁতি সাহাবুদ্দিন আহমেদসহ অনেকে এরই মধ্যে তাঁদের সবগুলো তাঁত বন্ধ করে দিয়েছেন বলে জানান। মনজুর আলম আনসারী বলেন, ‘সৈয়দপুরের বেনারসি তাঁতিদের পৃষ্ঠপোষকতা দিতে তাঁত বোর্ড এগিয়ে আসছে না। কোনো ব্যাংক থেকেও আমরা আর্থিক সহযোগিতা পাই না। এ প্রসঙ্গে সৈয়দপুর ব্যাংক ব্যবস্থাপক ফোরামের সাধারণ সম্পাদক ইকরামুল বারী বলেন, ‘সৈয়দপুরের বেনারসিশিল্প হুমকির মুখে এটা নিঃসন্দেহে হতাশার খবর। আমরা এ খাতে বিনিয়োগে আগ্রহী।’