সোনা পরিশোধনাগার ঋণে আরও ব্যাংককে যুক্ত করার পরামর্শ
বসুন্ধরা গ্রুপের সোনা পরিশোধনাগার নির্মাণে সরকারি খাতের পাঁচ ব্যাংক সীমার বেশি ঋণ দিতে পারবে না বলে বাংলাদেশ ব্যাংক জানিয়ে দিয়েছে। নিয়ন্ত্রক সংস্থাটি সোনা পরিশোধনাগার খাতে ঋণের ঝুঁকি কমাতে এ প্রক্রিয়ায় দেশি-বিদেশি বেসরকারি ব্যাংককে যুক্ত করতে বলেছে।
বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেড নামের এই পরিশোধনাগার নির্মাণে প্রাথমিকভাবে ৫ হাজার ৭৯০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে সিন্ডিকেট ব্যবস্থার আওতায় ৩ হাজার ৭০০ কোটি টাকা ঋণ দিতে চায় রাষ্ট্রমালিকানাধীন পাঁচ ব্যাংক। যার নেতৃত্বে রয়েছে অগ্রণী ব্যাংক।
সরকারি ব্যাংকগুলোর এ ঋণ সিন্ডিকেটে অগ্রণী ব্যাংক ৯৫০ কোটি টাকা, সোনালী ও জনতা ব্যাংক ১০০০ কোটি টাকা করে, রূপালী ব্যাংক ৫০০ কোটি টাকা ও বিডিবিএল ২৫০ কোটি টাকা ঋণ দিতে চায়। ঋণের মেয়াদ ৭ বছর, আর সুদের হার ৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক গত ২৬ জানুয়ারি এ ব্যাপারে অগ্রণী ব্যাংককে একটি চিঠি পাঠিয়েছে। এতে সিন্ডিকেট–ব্যবস্থায় বসুন্ধরা গোল্ড রিফাইনারিকে অগ্রণী, সোনালী, জনতা ও রূপালী ব্যাংক নিজ নিজ মূলধনের সর্বোচ্চ ১০ শতাংশ এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) তাদের মূলধনের সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ঋণ প্রদানের পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক প্রকল্প ঋণের অবশিষ্ট অর্থায়নের জন্য অন্যান্য বেসরকারি দেশি–বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে সিন্ডিকেটের আওতা বাড়ানোর জন্য লিড অ্যারেঞ্জার হিসেবে অগ্রণী ব্যাংককে পরামর্শ দেয়।
বাংলাদেশ ব্যাংক বলেছে, স্বর্ণ পরিশোধনাগারের জন্য আমদানি হবে—এমন মেশিনগুলো জাহাজীকরণের আগে আমদানিকারকের নিজস্ব খরচে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিদর্শন প্রতিষ্ঠান কর্তৃক পরিদর্শনের প্রতিবেদন জমা নিতে হবে। এ ছাড়া যারা মেশিন সরবরাহ করবে, তারা শেষ তিন বছরে এ–জাতীয় কোন কোন মেশিন সরবরাহ করবে, সেই তথ্যও সংগ্রহের পরামর্শ দিয়েছে।
এমন পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে গিয়ে গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক করে ঋণ দিতে আগ্রহী ব্যাংকগুলোর চেয়ারম্যান ও এমডিরা। এ সময় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতাউর রহমান প্রধান, অগ্রণী ব্যাংকের এমডি মোহাম্মদ শামস-উল-ইসলাম, রূপালী ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ, জনতা ব্যাংকের এমডি আবদুছ ছালাম আজাদ, বিডিবিএলের এমডি কাজী আলমগীরসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকে যান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তবে তিনি বৈঠকে উপস্থিত ছিলেন না।
সভায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, এই প্রকল্পে অর্থায়ন নিতে হলে বসুন্ধরাকে মূলধন বাড়াতে হবে। জমির দাম যা দেখানো হয়েছে, তা–ও কমাতে হবে। এ ছাড়া আরও বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। সবকিছু পরিপালন হলে ও ব্যাংকগুলোর পর্ষদ রাজি থাকলে নিজেদের মূলধনের ১৫ শতাংশ পর্যন্ত ঋণ দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে। এতে পাঁচ ব্যাংক মিলে সর্বোচ্চ ২ হাজার ৭০০ কোটি টাকা ঋণ দিতে পারবে বলে জানা গেছে। যদিও বসুন্ধরা নিতে চায় ৩ হাজার ৭০০ কোটি টাকা। এই পরিশোধনাগার নির্মাণে প্রাথমিকভাবে ৫ হাজার ৭৯০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করছে বসুন্ধরা গ্রুপ।
এ নিয়ে জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘এটা একটা অনানুষ্ঠানিক সভা। এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’