সোনা ব্যবসায়ীদের ভয় না পাওয়ার পরামর্শ
আপন জুয়েলার্সের ঘটনাকে কেন্দ্র করে স্বর্ণ ব্যবসায়ীদের আতঙ্কিত না হতে বলেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপন জুয়েলার্সের পাঁচটি শোরুমে শুল্ক গোয়েন্দারা অভিযান চালিয়ে স্বর্ণ আটক করেছেন।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নেতাদের সঙ্গে বৈঠককালে এনবিআর চেয়ারম্যান এই আশ্বাস দেন। সেগুনবাগিচার এনবিআর সম্মেলনকক্ষে এই বৈঠকে সমিতির নেতাদের পক্ষে নেতৃত্ব দেন সভাপতি গঙ্গাচরণ মালাকার। এ সময় এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, পর্যাপ্ত তথ্য ও প্রমাণ ছাড়া কোনো স্বর্ণ ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হবে না। কেউ যেন অযথা হয়রানি না করে সে জন্য এনবিআর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, নতুন ভ্যাট আইনে স্বর্ণের দাম যেন না বাড়ে, সেদিকে লক্ষ রাখবে এনবিআর।