ভারতীয় কাস্টম কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ চেম্বার আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসুর কাছে এমন অভিযোগ করেন তাঁরা। এতে বিশেষ অতিথি ছিলেন ইপিবির উপপরিচালক মোয়াজ্জেম হোসেন। এ ছাড়া সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ, ব্যবসায়ী আবদুল আওয়াল, আবুল হাসনাত, সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম, নারী উদ্যোক্তা তাহরিমা বেগম প্রমুখ।ব্যবসায়ীরা বলেন, এই স্থলবন্দর দিয়ে কোনো পণ্য রপ্তানি করলে ভারতের কাস্টম কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে তা খালাস করতে ৮-১০ দিন লেগে যায়। বিষয়টি ভারতীয় হাইকমিশনারকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।