সোনামসজিদ স্থলবন্দরে আমদানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ট্রাকচালকদের ধর্মঘটের কারণে গতকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি হয়নি। এতে ভারতের মহদিপুর স্থলবন্দরে আটকে পড়েছে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার বেলাল হোসেন জানান, মহদিপুর বন্দরের অদূরে ভারতীয় এক চালককে গত শুক্রবার রাতে মারধর করে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে গতকাল সকাল থেকে ধর্মঘট শুরু করেন চালকেরা। এতে পণ্য আমদানি বন্ধ হয়ে যায়। ভারতীয় আমদানি-রপ্তানিকারক ও কাস্টম কর্তৃপক্ষ চালকদের সঙ্গে আলোচনায় বসেছিল। কিন্তু সে আলোচনা ব্যর্থ হয়। তাই ধর্মঘট কখন প্রত্যাহার করা হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম জানান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারতের মহদিপুর বন্দরে দুই শতাধিক ট্রাক আটকে আছে। ওই সব ট্রাকে ফল, পেঁয়াজসহ বিভিন্ন পণ্য আছে। এসব পণ্য পচে আমদানিকারকদের আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।