সোনার আমদানি ভারতের বাণিজ্য ঘাটতি বাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে গত ৭ মাসের মধ্যে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি হয়েছে মে মাসে। সোনার আমদানি ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ার কারণেই মূলত বাণিজ্য ঘাটতি বেড়েছে।মে মাসে ভারতে আমদানি ব্যয় ৭ শতাংশ বেড়ে চার হাজার ৪৬৫ কোটি মার্কিন ডলারে উঠেছে। এর বিপরীতে রপ্তানি ১ দশমিক ১ শতাংশ কমে দুই হাজার ৪৫১ কোটি ডলারে নেমেছে। এতে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৪ কোটি মার্কিন ডলারে। আগের মাস এপ্রিলে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল এক হাজার ৭৮০ কোটি মার্কিন ডলার। ভারতের কেন্দ্রীয় বাণিজ্যসচিব এস এস রাও সাংবাদিকদের জানিয়েছেন, মূলত আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় পণ্যটির আমদানি বেড়ে গিয়ে বাণিজ্য ঘাটতি ত্বরান্বিত করেছে। মে মাসে সোনা-রুপার আমদানি বেড়েছে ৯০ শতাংশ। আর এপ্রিল-মে মিলিয়ে দুই মাসে সোনা ও রুপা আমদানি হয়েছে এক হাজার ৫৮০ কোটি ডলারের। সার্বিকভাবে মে মাসে ভারতের আমদানি বেড়েছে প্রায় ৭ শতাংশ।আন্তর্জাতিক বাজারে দাম কমার সুবিধা ছাড়াও ঐতিহ্যগতভাবে ভারতে সাধারণত এপ্রিল ও মে মাসে উৎসবের কারণে সোনা উপহার দেওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। যে কারণে এ সময়ে পণ্যটির আমদানি বাড়ে, যা নীতিনির্ধারকদের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সে জন্য চলতি মাসের গোড়ার দিকে সোনা আমদানির ওপর শুল্কহার ৬ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করেছে। অর্থনীতিবিদেরাও অবশ্য মনে করেন, সরকারিভাবে কিছু পদক্ষেপ ঘোষণা করায় আগামী মাসগুলোতে সোনার চাহিদা কমে বাণিজ্য ঘাটতি কমাবে।বার্কলেস ক্যাপিটালের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আশা করি জুন মাসে সোনার চাহিদা ও আমদানি কমবে।’