সোনার গয়না বেচাকেনায় কর ছাড় চায় জুয়েলারি সমিতি
সোনার গয়না বেচাকেনায় মূল্য সংযোজন কর (মূসক) ছাড় চায় জুয়েলারি সমিতি। বর্তমানে স্বর্ণের গয়না কিনলে ক্রেতাকে ৫ শতাংশ মূসক দিতে হয়। জুয়েলারি সমিতির প্রস্তাব হলো, এ মূসক হার দেড় শতাংশ করা।
আজ সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক্-বাজেট আলোচনায় এ প্রস্তাব করেছে জুয়েলারি সমিতির নেতারা। এনবিআর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।
বর্তমানে ব্যবসায়ী পর্যায়ে স্বর্ণ আমদানি প্রতি ভরিতে তিন হাজার টাকা, অগ্রিম ব্যবসায় কর (এটিভি) হিসেবে ৪ শতাংশ শুল্ককর আরোপ আছে। জুয়েলারি সমিতি প্রতি ভরিতে ১৫০ টাকা শুল্ক দিয়ে স্বর্ণ আমদানির প্রস্তাব দিয়েছে। এ ছাড়া যাত্রী ব্যাগেজ রুলস আরও শিথিল করার প্রস্তাব দিয়েছে জুয়েলারি সমিতি। জুয়েলারি সমিতির সভাপতি কাজী সিরাজুল ইসলাম এসব প্রস্তাব করেন।
এ ছাড়া প্রাক্-বাজেট আলোচনায় বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন, মিষ্টি উৎপাদক সমিতি, বাংলাদেশীয় চা সংসদ, ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।