
আন্তর্জাতিক বাজারে অব্যাহত দরপতনের কারণে দেশের অভ্যন্তরে এক সপ্তাহের ব্যবধানে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ এক হাজার ২২৫ টাকা পর্যন্ত কমছে।
আজ শুক্রবার থেকে সোনার নতুন দর কার্যকর হবে। তবে রুপার দামে কোনো পরিবর্তন হচ্ছে না। বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সম্মতিক্রমে গতকাল বৃহস্পতিবার সোনার দাম কমানোর সিদ্ধান্ত হয়। সর্বশেষ ২০ জুন দাম কমায় সমিতি।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৬৩৮ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৪৮১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম পড়বে ৩৯ হাজার ৮৩২ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম কমে হবে ২৭ হাজার ৬৪৩ টাকা ভরি। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম আগের মতোই থাকছে, অর্থাৎ এক হাজার ৩৯৯ টাকা।
আজ থেকে দাম কমানোর ফলে ভরিপ্রতি ২২ ক্যারেট সোনার দাম আগের দরের চেয়ে এক হাজার ২২৫ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ১৬৬ টাকা, ১৮ ক্যারেটে ৯৯২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৯৩৩ টাকা কমবে।
বাজুসের সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সোনার আন্তর্জাতিক বাজার অস্থির। হঠাৎ করে গতকাল প্রতি আউন্স সোনার দর এক হাজার ২২৩ ডলারে নেমে যায়। তাই সার্বিকভাবে বিবেচনা করে আমরা দেশের বাজারে সোনার দাম সংশোধনের সিদ্ধান্ত নিয়েছি।’
দেওয়ান আমিনুল ইসলাম আরও বলেন, ‘আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশের বাজারে সোনার দাম সব সময় চার-পাঁচ হাজার টাকা বেশি হয়। কারণ, আমরা সরাসরি আন্তর্জাতিক বাজার থেকে সোনা কিনতে পারি না। তাই সব সময় দেশের অভ্যন্তরে সোনার প্রাপ্যত্য ও আন্তর্জাতিক দর পর্যবেক্ষণ করে মোটামুটি একটি সন্তোষজনক দাম নির্ধারণ করা হয়।’