
‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ স্লোগান তুলে ক্ষমতায় আসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজ দেশের গৌরব ফিরিয়ে আনতে পেরেছেন কি না, তা বিচারসাপেক্ষ। তবে তাঁর কর্মকাণ্ড সোনার মান ফিরিয়েছে! বিশ্ববাজারে মূল্যবান এ ধাতুটির দাম উঠেছে আউন্সপ্রতি ১ হাজার ২৩৪ ডলার, যা তিন মাসের মধ্যে সর্বোচ্চ।
বিশ্ববাজারের এ মূল্যবৃদ্ধির সুযোগ নিতে দেরি করেননি বাংলাদেশের ব্যবসায়ীরাও। বাংলাদেশ জুয়েলার্স সমিতি গতকাল বুধবার প্রতি ভরি সোনার দাম ৫৮৩ থেকে ৯৯১ টাকা পর্যন্ত বাড়িয়েছে। নতুন এ দর আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
বাংলাদেশ বিশ্ববাজার থেকে বাণিজ্যিক ভিত্তিতে সোনা আমদানি করে না। তবে বিশ্ববাজারের সঙ্গে সংগতি রেখে জুয়েলার্স সমিতি নিয়মিত দাম পুনর্নির্ধারণ করে। এর আগে তারা গত ১৪ জানুয়ারি এক দফা দাম বাড়িয়েছিল।
বিশ্ববাজারে কী হলো যে সোনার দাম বাড়ল? বাজার বিশ্লেষকেরা বলছেন, মার্কিন অর্থনীতি ভালো অবস্থায় থাকলেও ট্রাম্পের উল্টাপাল্টা কর্মকাণ্ড আমেরিকা ও ইউরোপের অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। এতে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা কেনার প্রতি ঝুঁকছেন।
অস্ট্রেলিয়ার নেসটেগডটকম নামের একটি ওয়েবসাইটে গত সোমবার প্রকাশিত এক বিশ্লেষণে দেশটির পণ্যবাজার বিশেষজ্ঞ রাসেল চেসলার বলেন, সীমান্তে দেয়াল তুলতে মেক্সিকোর ওপর কর আরোপের চিন্তা, সাতটি দেশ থেকে অভিবাসী আসার ওপর নিষেধাজ্ঞার ঘটনা বাজারকে বুঝতে সহায়তা করেছে যে ট্রাম্পের শাসন আসলে কেমন হবে।
যা-ই হোক, বিশ্ববাজারে সোনার এই চড়া দরের সরাসরি ভুক্তভোগী বাংলাদেশের মানুষ। জুয়েলার্স সমিতি গতকাল এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির কথা জানায়। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ভরিতে ৯৯১ টাকা, ২১ ক্যারেট ৯৩৩ টাকা, ১৮ ক্যারেট সোনা ৯৯১ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ৫৮৩ টাকা বেড়েছে। ফলে আজ থেকে গ্রাহককে ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি ৪৭ হাজার ৬৪ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৯৬৫ টাকা, ১৮ ক্যারেট ৩৯ হাজার ৪৮৩ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ২৫ হাজার ৬৬১ টাকা দিয়ে কিনতে হবে।
সোনার দাম বাড়লেও বাজারে রুপার দাম বাড়েনি। প্রতি ভরি রুপা এখন বিক্রি হচ্ছে ১ হাজার ১০৮ টাকায়।