
আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে দেশের বাজারেও বিভিন্ন মানের সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৪৯৩ টাকা পর্যন্ত কমেছে। সারা দেশে সোনার এই নতুন দর আজ বুধবার থেকে কার্যকর হবে, এমনটাই জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৪ হাজার ৫২১, ২১ ক্যারেট ৪২ হাজার ৪২১ ও ১৮ ক্যারেটের দাম ৩৫ হাজার ৭৭৩ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনা ২৪ হাজার ৮৬ টাকা ভরি। প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ১ হাজার ৪৯ টাকা।
বাজুস জানিয়েছে, গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৬ হাজার ১৪ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৯১৪ টাকা ও ১৮ ক্যারেট ৩৭ হাজার ২৬৬ টাকা করে বিক্রি হয়। সনাতন পদ্ধতির সোনার ভরি ছিল ২৫ হাজার ৫৪৪ টাকা, আর রুপার ভরি ১ হাজার ১০৮ টাকা। আজ থেকে নতুন দর কার্যকর হওয়ায় প্রতি ভরি ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দাম ১ হাজার ৪৯৩ টাকা করে কমছে। সনাতন পদ্ধতির সোনার দরে ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমছে। অন্যদিকে রুপার দাম কমছে ভরিতে ৫৮ টাকা।
জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেট ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। সনাতন পদ্ধতির সোনা পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয়। এ ক্ষেত্রে বিশুদ্ধ সোনা ঠিক কত শতাংশ পাওয়া যাবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে সোনা-রুপার দাম কমে যাওয়ার বিষয়টি জানিয়েছে জুয়েলার্স সমিতি। এতে বলা হয়, সমিতির সোনা ও রুপার মূল্য নির্ধারণ উপকমিটির সদস্যদের সম্মতিতে এই নতুন দর ঘোষণা করা হয়েছে। সর্বশেষ গত ২২ জানুয়ারি সোনার দাম বাড়িয়েছিল সমিতি।
সোনার দাম কমার কারণ জানতে চাইলে জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান বলেন, আন্তর্জাতিক বাজারে গত কয়েক দিনে প্রতি আউন্স (২.৪৩ ভরি) সোনার দাম ১ হাজার ২০০ থেকে কমে ১ হাজার ১৬০ ডলারে এসেছে।
তবে ৪০ ডলার বা প্রায় ৩ হাজার টাকা কমলেও দেশে কমানো হয়েছে মাত্র দেড় হাজার টাকা। এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশে বৈধভাবে সোনা ক্রয়ের কোনো ব্যবস্থা নেই। তাই আন্তর্জাতিক বাজারে দাম প্রতিদিন ওঠানামা করলেও আমরা তা করতে পারি না।’