সোনার দাম কমল

আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও বিভিন্ন ধরনের সোনার দাম ভরিপ্রতি এক হাজার ২২৫ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। কাল সোমবার থেকে নতুন দর কার্যকর হবে। আজ রোববার বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাত্ ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ১৮০ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৪৬ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩৮ হাজার ৪৫৬ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দর ২৬ হাজার ২৪৪ টাকা ভরি।
গতকাল রোববার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৪০৫ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ২৪৭ টাকা এবং ১৮ ক্যারেট ৩৯ হাজার ৬৫৭ টাকায় বিক্রি হয়। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি ছিল ২৭ হাজার ৪১০ টাকা।
নতুন দর কার্যকর হওয়ায় প্রতি ভরি ২২ ক্যারেটের দাম কমেছে এক হাজার ২২৫ টাকা। এ ছাড়া ২১ ও ১৮ ক্যারেটের দাম কমেছে এক হাজার ২০১ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমছে। তবে প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম আগের মতোই আছে, এক হাজার ১৬৬ টাকা।
জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। অন্যদিকে সনাতন পদ্ধতির সোনা পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা পাওয়া যাবে সে বিষয়ে কোনো মানদণ্ড নেই।
সোনার দাম বৃদ্ধি-হ্রাসের সিদ্ধান্তটি বরাবরের মতো করে আসছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে সোনার দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।