সোনার দাম কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনা
সোনা

আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে দেশে সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৫০ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দর আজ বুধবার থেকে কার্যকর হবে।বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, এখন প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা বিক্রি হবে ৪২ হাজার ২২৩ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেট ৪০ হাজার ১২৪ টাকা ও ১৮ ক্যারেট ৩৩ হাজার ৪৭৫ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ২২ হাজার ৫৬৯ টাকা। আর ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার ভরি হচ্ছে ৯৩৩ টাকা। জুয়েলার্স সমিতি গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোনা-রুপার দাম কমানোর বিষয়টি জানিয়েছে।
সমিতি জানায়, গতকাল পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৩ হাজার ২৭৩ টাকা, ২১ ক্যারেট ৪১ হাজার ১৭৩ টাকা ও ১৮ ক্যারেট ৩৪ হাজার ৫২৫ টাকায় বিক্রি হয়েছে। সনাতন পদ্ধতির সোনার ভরি ছিল ২৩ হাজার ৯৪ টাকা। রুপার ভরি বিক্রি হয় ৯৯১ টাকায়। ফলে নতুন দরে প্রতি ভরি ২২, ২১ ও ১৮ ক্যারেটে ১ হাজার ৫০ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দরে ভরিতে ৫২৫ টাকা কমছে। আর রুপার দাম কমছে ভরিতে ৫৮ টাকা।
জানতে চাইলে জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিক বাজার পর্যালোচনা এবং দেশের বাজারে সোনা সরবরাহের পরিমাণের ওপর ভিত্তি করে দামটি সমন্বয় করা হয়। বর্তমানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে। অন্যদিকে ঈদুল আজহার আগে অসংখ্য প্রবাসী দেশে আসেন। তাঁদের মাধ্যমে সোনার আমদানি বাড়ে। তাই সোনার দাম কমানো হয়েছে।’
জুয়েলার্স সমিতি সর্বশেষ গত ২৩ আগস্ট সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৫১৬ টাকা বৃদ্ধি করে। তার আগে ৬ আগস্ট সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২২৪ টাকা কমায় সমিতি।
জানা গেছে, আন্তর্জাতিক কমোডিটি এক্সচেঞ্জ মার্কেটে গত ২১ আগস্ট প্রতি আউন্স (৩১ দশমিক ১০৩৪৭৬৮ গ্রাম) বিশুদ্ধ বা ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১ হাজার ২৭৩ মার্কিন ডলার। আর গতকাল সেটি কমে ১ হাজার ১২০ মার্কিন ডলারে নেমে আসে। সেই হিসাবে বিশ্ববাজারে এখন এক ভরি (১১ হাজার ৬৬৪ গ্রাম) সোনার দাম ৪২০ ডলার। দেশি মুদ্রায় যা ৩৩ হাজার ৬০০ টাকা (প্রতি ডলারে ৮০ টাকা ধরে)।
২৪ ক্যারেট সোনার বারে ৯৯ দশমিক ৯৯ শতাংশ বিশুদ্ধ সোনা পাওয়া যায়। আর ২২ ক্যারেটের ক্ষেত্রে তা ৯১ দশমিক ৬০ শতাংশ। সেই হিসাবে আন্তর্জাতিক বাজারে ২২ ক্যারেট সোনার দাম হবে ভরিপ্রতি ৩০ হাজার ৭৮০ টাকা।
বিশ্ববাজারের সঙ্গে দেশের বাজারে সোনার দামের এই গরমিল নিয়ে গত মাসে দুটি প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো। পরে ২ সেপ্টেম্বর সমিতির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সরকার জুয়েলার্স মালিকদের আন্তর্জাতিক বাজারমূল্যেই সোনা দেয়। তবে আমাদের সরকার সেটি করে না। পুরোনো গয়না ও ব্যাগেজ রুলসের আওতায় প্রবাসীদের আনা সোনা দিয়েই দেশের চাহিদা মেটানো হয়। সে জন্য স্থানীয় বুলিয়ন মার্কেট থেকে বেশি দামে পাকা সোনা কিনতে হয়।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১ ভরি সোনার গয়না বিক্রি করলে একটি জুয়েলার্সের ১০ শতাংশ মুনাফা হয়। তা থেকে আয়কর, দোকান ভাড়া, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরচ বাদ দিলে প্রকৃত মুনাফা ৪-৫ শতাংশের বেশি হয় না।