সোনার দাম কমেছে ভরিতে ১১৯৯ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ১৯৯ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন দর আজ বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে।

সোনার দর ভরিতে ১ হাজার ১৯৯ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্তটি গতকাল মঙ্গলবার বিকেলে জানায় জুয়েলার্স সমিতি। এদিকে নতুন দর অনুযায়ী আজ থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৪ হাজার ৭৯০ টাকা, ২১ ক্যারেট ৪২ হাজার ৬৯১ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ৩৪ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৪ হাজার ২৮ টাকা।

সারা দেশে গতকাল পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা, ১৮ ক্যারেট ৩৭ হাজার ৯০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ২৪ হাজার ৯৭৭ টাকায় বিক্রি হয়। দাম কমানোয় আজ থেকে প্রতি ভরিতে ২২ ও ২১ ক্যারেট সোনা ১ হাজার ১৯৯ টাকা, ১৮ ক্যারেটে ৮৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৯৪৯ টাকা কমছে।

এদিকে, সোনার দাম কমলেও রুপার দরে কোনো পরিবর্তন করেনি জুয়েলার্স সমিতি। এর ফলে রুপার ভরি আগের মতোই ১ হাজার ৫০ টাকা হবে।

ব্যবসায়ীরা জানান, প্রতি ভরিতে ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ ও ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। সনাতন পদ্ধতির সোনা পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে, সে বিষয়ে কোনো মানদণ্ড নাই। অবশ্য অলংকার তৈরিতে সোনার দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (মূসক) যোগ হবে।

সর্বশেষ গত ২১ নভেম্বর সোনার দর ভরিতে সর্বোচ্চ ৯৯১ টাকা পর্যন্ত কমিয়েছিল সমিতি। পরদিন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ১ হাজার ২১১ মার্কিন ডলার। তারপর সোনার দর ধারাবাহিকভাবে কমছে। গতকাল সন্ধ্যা পৌনে ছয়টায় প্রতি আউন্স সোনার দর ছিল ১ হাজার ১৭০ ডলার।

জানতে চাইলে জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা গতকাল প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে সোনার দর কমলেও দেশের বুলিয়ন মার্কেটে সেটির প্রভাব পড়তে ১০-১৫ সময় লেগে গেছে। সে জন্য সোনার দর কমাতে কিছুটা বিলম্ব হয়েছে।’ তিনি বলেন, ‘গত এক মাসে সোনার ভরিতে সাড়ে তিন হাজার টাকার মতো কমেছে। এতে জুয়েলারি ব্যবসা একটু চাঙা হয়েছে।’

আন্তর্জাতিক বাজারে সোনার যে দর সে অনুযায়ী দেশের বাজারে দাম আরও কমানোর সুযোগ আছে। বিষয়টি স্বীকার করে জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক বলেন, বৈধভাবে সোনা আমদানি করার সুযোগ থাকলেও প্রক্রিয়াটি বেশ জটিল ও দীর্ঘমেয়াদি হওয়ায় কোনো ব্যবসায়ী আগ্রহ দেখান না। সরকার যদি প্রক্রিয়াটি সহজ করে দেয় তবে দেশের মানুষকে আরও কম দামে সোনা কিংবা সোনার অলংকার দেওয়া সম্ভব।