আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারেও বিভিন্ন ধরনের সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৪৯৩ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোনার নতুন দর আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৬ হাজার ১৪ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৯১৪ টাকা ও ১৮ ক্যারেটের দাম ৩৭ হাজার ২৬৬ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরিপ্রতি দর হলো ২৫ হাজার ৫৪৪ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১০৮ টাকা।
দেশে গতকাল বুধবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৪ হাজার ৫২১ টাকা, ২১ ক্যারেট ৪২ হাজার ৪২১ ও ১৮ ক্যারেট ৩৫ হাজার ৭৭৩ টাকায় বিক্রি হয়। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি ছিল ২৪ হাজার ৮৬ টাকা। আর রুপার ভরি ১ হাজার ৪৯ টাকা। আজ থেকে নতুন দর কার্যকর হওয়ায় প্রতি ভরি ২২, ২১ ও ১৮ ক্যারেটে এক হাজার ৪৯৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দরে ভরিতে ১ হাজার ৫৮ টাকা বাড়ছে। অন্যদিকে রুপার দাম বাড়ছে ভরিতে ৫৯ টাকা।
জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। সনাতন পদ্ধতির সোনা পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা পাওয়া যাবে, সে বিষয়ে কোনো মানদণ্ড নেই।
ই-মেইলের মাধ্যমে গতকাল বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে সোনা-রুপার দাম বাড়ার বিষয়টি জানিয়েছে জুয়েলার্স সমিতি। এতে বলা হয়েছে, সমিতির সোনা ও রুপার মূল্য নির্ধারণ উপকমিটির সদস্যদের সম্মতিতে নতুন দর ঘোষণা করা হচ্ছে। সর্বশেষ গত বছরের ৭ নভেম্বর ভরিপ্রতি ১ হাজার ২০১ টাকা পর্যন্ত সোনার দাম কমিয়েছিল বাজুস।
দেশের বাজারে সোনার দর বৃদ্ধি প্রসঙ্গে জানতে চাইলে জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম গত ৬ নভেম্বর থেকে এ পর্যন্ত আউন্সপ্রতি (২.৪৩ ভরি) ১৬৯ ডলার বেড়ে এক হাজার ৩০৫ ডলারে উঠেছে। তিনি আরও বলেন, বর্তমান দর অব্যাহত থাকলে আগামী সপ্তাহেই আবার ভরিপ্রতি কমপক্ষে ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হবে।