সোনার দাম বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২২৫ টাকা পর্যন্ত বাড়ছে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল শনিবার থেকে নতুন দর কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ১২৩ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ২৩ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা ৩৮ হাজার ৬০৮ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিপ্রতি দাঁড়াবে ২৬ হাজার ৮২৮ টাকা। এতে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ১ হাজার ২২৫ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ১৬৬ টাকা, ১৮ ক্যারেটে ৯৯১ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৭০০ টাকা বাড়বে।
বাজুস সোনার দাম বৃদ্ধির বিষয়টি গতকাল বৃহস্পতিবার দুপুরে জানিয়েছে। এর আগে গত মাসে অবশ্য সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৫১৭ টাকা কমিয়েছিল সংগঠনটি।
জানতে চাইলে জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে গত কয়েক দিনে সোনার দাম ভরিতে দুই হাজার টাকার মতো বেড়েছে। তবে সমিতির পক্ষ থেকে আমাদের একসঙ্গে ১ হাজার ২০০ টাকার বেশি না বাড়ানোর সিদ্ধান্ত আছে। ফলে আন্তর্জাতিক বাজার বর্তমানের মতো অপরিবর্তিত থাকলে সামনের সপ্তাহে আবার সোনার দাম বাড়াতে হতে পারে।’
সারা দেশের জুয়েলারি দোকানগুলোতে আজ শুক্রবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা, ১৮ ক্যারেট ৩৭ হাজার ৬১৭ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ২৬ হাজার ১২৮ টাকায় বিক্রি হবে।
এদিকে রুপার দাম ভরিপ্রতি ১ হাজার ১০৯ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১ হাজার ১৬৭ টাকা হবে। এ ক্ষেত্রে দাম বৃদ্ধি পাচ্ছে ভরিতে ৫৮ টাকা।
আন্তর্জাতিক বাজারে গতকাল বাংলাদেশ সময় বিকেল পৌনে ছয়টার দিকে প্রতি আউন্স (২.৪৩ ভরি) সোনার দাম ছিল ১ হাজার ৩০৪ ডলার। সর্বশেষ দুই মাসের মধ্যে ২ জুন সোনার দাম সবচেয়ে কম ছিল। সেদিন ১ হাজার ২০৯ ডলারে প্রতি আউন্স সোনা বিক্রি হয়েছিল। এরপর গত ১৪ দিনে প্রতি আউন্স সোনার দাম ৯৫ ডলারের মতো বেড়েছে।