সোনার ভবিষ্যৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>রাজনীতি টালমাটাল হলে ডলার বা শেয়ারবাজারে বিনিয়োগে ঝুঁকি অনেক বেশি। এ ধরনের পরিস্থিতিতে মুনাফা কেবল সোনাতেই।

স্বর্ণযুগ শব্দটি ইতিহাস বইয়ে বেশি দেখা গেলেও সোনার স্বর্ণযুগ ছিল সব সময়েই। কারণ, সোনা এমনই নিরাপদ সঞ্চয়, যার ক্ষয় নেই। দাম কখনো কখনো ওঠা-নামা করলেও তা এতটা কমে যায় না যে বড় ধরনের লোকসান হয়ে যাবে। আবার দাম কমলেও অনেকে অখুশি নন। 

তবে সোনার দাম কমার সংবাদে গৃহিণীরা গয়নার দোকানগুলোতে ঘন ঘন যতই আসা-যাওয়া করুক, সারা বিশ্ব কিন্তু সোনা নিয়ে খানিকটা চিন্তিত। সবাই এখন সোনার ভবিষ্যৎ নিয়ে ভাবছে! সবচেয়ে নিরাপদ সঞ্চয় সোনার যুগ কি তাহলে শেষ হয়ে যাবে?
সোনা মূলত একটি পণ্য। তবে এর বড় ধরনের সংরক্ষণমূল্য আছে, পচনশীল নয়। সোজা বাংলায় বলা যায়, যেকোনো অনিশ্চয়তার মধ্যে সোনা একটি বড় বিমা। তবে সোনার একটি অসুবিধাও আছে। সোনা থেকে বাড়তি কোনো আয় নেই, সুদও পাওয়া যায় না। একমাত্র ভরসা দরবৃদ্ধি। তবে যাঁরা প্রতিনিয়ত অর্থ বিনিয়োগে মজা পান, তাঁরা সোনা সংরক্ষণে খুব আগ্রহী হবেন না। সাধারণত তিনভাবে বিনিয়োগ করা যায়। যেমন, সোনা, শেয়ারবাজার ও ডলার। এর মধ্যে অর্থনীতিতে অনিশ্চয়তা থাকলে, রাজনীতি টালমাটাল হলে ডলার বা শেয়ারবাজারে বিনিয়োগে ঝুঁকি অনেক বেশি। এ রকম এক পরিস্থিতিতে মুনাফা কেবল সোনাতেই।
সোনার দাম আজ বাড়ল তো কাল কমল—এ রকম পরিস্থিতি সব সময়েই থাকে। যেমন, চীনের মুদ্রা ইউয়ান অবমূল্যায়নের সংবাদে সোনার দাম সামান্য বেড়েছিল। তবে অবস্থা এখন ভিন্ন। বিশ্ববাজারে সোনার দাম কমেছে অনেক। যেমন, গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম ছিল আউন্সপ্রতি ১ হাজার ১১৮ ডলার ৫০ সেন্ট। আর ঠিক পাঁচ বছর আগে, ২০১১ সালে এই দর ছিল ১ হাজার ৯০০ ডলার। সোনার বর্তমান দাম গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। অনেকেরই আশঙ্কা, বছর শেষে এই দর এক হাজার ডলারের নিচে নেমে যেতে পারে।
এর আগে ২০০৮ সালে সোনার দাম সর্বনিম্ন ৭০০ ডলারে নেমে এসেছিল। এরপর থেকে ২০১১ সাল পর্যন্ত কেবলই দাম বেড়েছে। এরপর ২০১৪ সালের মাঝামাঝি সময় পর্যন্ত খানিকটা কমলে ইদানীং দর পড়ছে দ্রুতগতিতে, যা সোনার কারবারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বিশ্ববাজারে সোনার দাম নির্ধারণ হয় আউন্স হিসেবে। সহজভাবে বোঝার জন্য বলা যায়, ১ আউন্স সোনা ৩১.১০৩ গ্রাম-এর সমান। আর এক ভরি সোনায় আছে ১১.৬৬৪ গ্রাম।

.
.

সোনার দাম কমে যাওয়ার পেছনে বড় কারণ হচ্ছে ডলার শক্তিশালী হওয়া। ইউরোপিয়ান অর্থনীতিতে নানা দুর্বলতা থাকলেও মার্কিন অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী। ডলার এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী মুদ্রা। গত এক বছরে ডলারের মুদ্রামান বেড়েছে ২০ শতাংশ। আর সোনার দর নির্ধারিত হয় ডলারে। মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক সুদের হার বাড়িয়ে করেছে দশমিক ২৫ শতাংশ। সামনে আরও বাড়বে বলে ঘোষণা দেওয়া হয়েছে। ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জানেট ইয়েলিন বলেছেন, ২০১৫ সালের শেষের দিকে সুদহার আরেক দফা বাড়বে। ব্যাংক ইংল্যান্ডও বলছে, ২০১৬-এর শুরুতে তারাও সুদহার বাড়াবে।
ফলে ডলার বিনিয়োগেই এখন মুনাফা বেশি এবং সামনে আরও বাড়বে। এতে বিনিয়োগকারীরা সোনার চেয়ে ডলারের বিভিন্ন বিনিয়োগ স্কিমে বিনিয়োগেই বেশি আগ্রহী হয়ে উঠেছে। একদিকে সোনার দাম আরও কমার আশঙ্কা, অন্যদিকে সুদের হার বৃদ্ধি—এ দুইয়ের মধ্যে খুব স্বাভাবিকভাবেই ডলারের ভবিষ্যৎ বেশি ভালো। কারণ, ডলার আরও ডলার আনবে, সোনা তা আনবে না। ফলে বিশ্লেষকেরা বলছেন, ২০১৫ সালও হবে সোনার লোকসানের বছর, যেমনটি ছিল ২০১৩ ও ২০১৪।
গ্রিস ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে কি না, সে আশঙ্কা অর্থনীতির জন্য খারাপ হলেও সোনার জন্য ছিল ভালো। এ ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তায় সোনার চাহিদা বাড়ে, দামও বাড়ে। কিন্তু শেষ পর্যন্ত গ্রিস সংকটের সমাধান হয়েছে। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হওয়ায় ভবিষ্যৎ যুদ্ধের আশঙ্কাও কমে গেছে। অনেকের ধারণা, মধ্যপ্রাচ্য সংকটেরও একধরনের সমাধান হয়তো হবে। এসবই সোনার দাম কমিয়ে দিচ্ছে।
সোনার এই দুর্গতির আরেকটি কারণ চীনের অর্থনীতির শ্লথগতি। চীন হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি পণ্য ব্যবহারকারী দেশ। তারা সব ধরনের পণ্য ব্যবহার কমিয়ে দেওয়ায় টান পড়েছে সোনার দামেও। চীনের কেন্দ্রীয় ব্যাংক সোনার বড় ক্রেতা। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত তারা সোনার মজুত বাড়িয়েছে ৬০ শতাংশ। সম্প্রতি তারাও সোনা কেনার পরিমাণ কমিয়ে দিয়েছে।
সোনার এ দুরবস্থায় বিপদে পড়েছে সোনা খননকারী কোম্পানিগুলো। তাদের শেয়ারের দাম কমে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি বারিক গোল্ডের শেয়ারের দর ১৫ শতাংশ কমেছে, যা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন। লন্ডনের রান্ডগোল্ড কিংবা মেক্সিকোর ফ্রেসনিলোর অবস্থাও প্রায় একই রকম।
বিশ্বের মোট সোনার অর্ধেকই ব্যবহৃত হয় চীন ও ভারতে। আর বিশ্বে সবচেয়ে বেশি সোনা ব্যবহৃত হয় গয়না তৈরিতে। মোট সোনার ৬০ শতাংশই ব্যবহৃত হয় গয়নায়। এ ক্ষেত্রে ভারত সবচেয়ে এগিয়ে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে, ভারতের গ্রামীণ অর্থনীতিতে আয় কমে যাওয়ায় গয়নার চাহিদাও কমেছে।
সোনার মোট চাহিদার হিসাবটি এ রকম—২০১৪ সালে মোট সোনার চাহিদা ছিল ৪,২২০.১ টন। এর মধ্যে গয়নায় ব্যবহৃত হয় ২,৪৬২.৯ টন, বিনিয়োগ স্কিমে ব্যবহৃত হয়েছে ৮২০.২ টন, কেন্দ্রীয় ব্যাংকগুলো কিনেছে ৫৯০.৫ টন এবং ইলেকট্রনিকসসহ বিভিন্ন শিল্প ও কারিগরি খাতে ব্যবহৃত হয়েছে আরও ৩৪৬.৫ টন।
এবার অর্থের হিসাবটি দেখা যেতে পারে। ২০১৪ সালে সোনার মোট চাহিদা ছিল ১৭ হাজার ১৮২ কোটি ৬৩ লাখ ডলারের। এর মধ্যে গয়নায় ব্যয় হয়েছে ১০ হাজার ২৭ কোটি ৯৪ লাখ ডলার, বিনিয়োগ স্কিমে ৩ হাজার ৩৩৯ কোটি ৪৩ লাখ ডলার, কেন্দ্রীয় ব্যাংক কিনেছে ২ হাজার ৪০৪ কোটি ৩৭ লাখ ডলার এবং শিল্প ও কারিগরি খাতে ব্যবহার ছিল ১ হাজার ৪১০ কোটি ৮৯ লাখ ডলার। সোনা কারবারিদের আশা, চাহিদা আরও বাড়বে। তাতে দরও বাড়বে। থাকবে সোনার স্বর্ণযুগ।