সোনার ভরিতে বেড়েছে সর্বোচ্চ ১৪৫৮ টাকা
দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৫৮ টাকা পর্যন্ত বেড়েছে। নতুন এই বর্ধিত দাম গতকাল শনিবার থেকে কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি গত শুক্রবার দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানায়। চলতি বছর এটাই প্রথম সোনার দর বাড়ার ঘটনা। বিদায়ী বছরের নভেম্বর ও ডিসেম্বরে কয়েক দফা সোনার দাম কমেছিল। সর্বশেষ গত ৬ ডিসেম্বর ভরিপ্রতি ১ হাজার ১৯৯ টাকা কমায় সমিতি।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৬ হাজার ৭৩ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৩২ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৩৮ হাজার ৪৯২ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়িয়েছে ২৫ হাজার ৭৮ টাকা।
শুক্রবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৪ হাজার ৭৯০ টাকা, ২১ ক্যারেট ৪২ হাজার ৬৯১ টাকা, ১৮ ক্যারেট ৩৭ হাজার ৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ২৪ হাজার ২৮ টাকায় বিক্রি হয়।
সমিতি ৬ ডিসেম্বর সর্বশেষ সোনার দাম কমায়। তার আগের দিন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ১ হাজার ১৬৯ মার্কিন ডলার। তারপর ২১ ডিসেম্বর সোনার দর আরও কমে আউন্সপ্রতি ১ হাজার ১৩০ ডলার হয়েছিল। অবশ্য তখন দেশের বাজারে সোনার দর কমায়নি জুয়েলার্স সমিতি। চলতি মাস থেকে সোনার দাম আবার বাড়তে থাকে। শুক্রবার প্রতি আউন্স সোনার দর ছিল ১ হাজার ১৯৬ ডলার।
জানতে চাইলে জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা গতকাল বলেন, ‘আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশের বুলিয়ন মার্কেটে সোনার দাম বেড়ে যাওয়ায় দর বাড়ানো হয়েছে।’
আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লে দেশে দ্রুত দাম বাড়ে। কিন্তু কমলে দাম কমাতে সময় নেয় জুয়েলার্স সমিতি—এমন প্রশ্নের জবাবে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, গত ডিসেম্বরে যখন আন্তর্জাতিক বাজারে দাম কমেছিল, তখন সমিতির সভায় দেশের বাজারে দাম কমানোর বিষয়টি উত্থাপন করা হয়। তবে সমিতির অধিকাংশ নেতা দাম কমানোর বিপক্ষে মত দেন।
এদিকে সোনার পাশাপাশি রুপার দর বাড়িয়েছে জুয়েলার্স সমিতি। প্রতি ভরি রুপা এখন বিক্রি হচ্ছে ১ হাজার ১০৮ টাকা। শুক্রবার পর্যন্ত রুপার ভরি ছিল ১ হাজার ৫০ টাকা।