সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের পাঁচটি শিল্প কারখানা উদ্বোধন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাট শিল্পনগর এলাকায় গতকাল শনিবার মেঘনা গ্রুপের পাঁচটি শিল্পকারখানার উদ্বোধন করা হয়েছে। শিল্পকারখানাগুলোর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. মুজিবুল হক, সাংসদ আবদুল্লাহ আল কায়সার, মেঘনা গ্রুপের পরিচালক তানজিমা মোস্তফা, এফবিসিসিআইয়ের সহসভাপতি জসীম উদ্দিন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম মোরশেদ আলম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল, পুলিশ সুপার শেখ নাজমুল আলম প্রমুখ।যে পাঁচটি প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে সেগুলো হলো তাসনিম কেমিক্যাল কমপ্লেক্স, সোনারগাঁ সল্ট ইন্ডাস্ট্রিজ, মেঘনা সিডস ক্রাশিং মিলস লিমিটেড, মেঘনা শিপবিল্ডার্স অ্যান্ড ডকইয়ার্ড লিমিটেড এবং ফ্রেস সিমেন্ট (ইউনিট-৪)।অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, দেশের যে পরিমাণ গ্যাস ও বিদ্যুতের চাহিদা রয়েছে সে পরিমাণ গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ দেওয়া বর্তমানে সম্ভব হচ্ছে না। তবে আগামী বছরের মধ্যে সব শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ দেওয়া হবে। তিনি বিরোধী দলের হরতালের সমালোচনা করে বলেন শিল্পকারখানাগুলো ধ্বংসের জন্যই বারবার হরতাল ডাকা হচ্ছে।