সোনারগাঁয়ে ১৫০০ কোটি টাকা বিনিয়োগে তিন এসইজেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনারগাঁয়ে আমান গ্রুপের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) প্রকল্প। ইনসেটে ​একই এলাকায় মেঘনা গ্রুপের নির্মাণকাজে ব্যস্ত শ্রমিকেরা। ছবিগুলো গত শনিবার তোলা l প্রথম আলো
সোনারগাঁয়ে আমান গ্রুপের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) প্রকল্প। ইনসেটে ​একই এলাকায় মেঘনা গ্রুপের নির্মাণকাজে ব্যস্ত শ্রমিকেরা। ছবিগুলো গত শনিবার তোলা l প্রথম আলো

দেশীয় দুটি শিল্পগোষ্ঠীর উদ্যোগে ঢাকার উপকণ্ঠে ঐতিহাসিক সোনারগাঁয়ে দেড় হাজার কোটি টাকা বিনিয়োগে গড়ে উঠছে তিনটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড)। ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করবেন।
সরেজমিনে গত শনিবার দেখা গেছে, এসইজেডগুলোতে এখন কারখানা ভবন, বিভিন্ন স্থাপনাসহ সার্বিক নির্মাণকাজের বিশাল কর্মযজ্ঞ চলছে। মেঘনা গ্রুপের অধীনে মেঘনা ইকোনমিক জোন ও মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন নামে দুটি এবং আমান গ্রুপের উদ্যোগে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে। সাড়ে তিন শ একর জমির ওপর এসব এসইজেড গড়ে তোলা হচ্ছে বলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সূত্রে জানা গেছে। কোম্পানি দুটিকে অর্থনৈতিক অঞ্চল করার লাইসেন্স দিয়েছে বেজা।
আমান গ্রুপ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় তিন কিলোমিটার পূর্ব দিকে মেঘনা নদীর তীরে সোনারগাঁয়ের আনন্দবাজারে ১৫০ একর জমির ওপর গড়ে তুলছে তাদের এসইজেড। এখানে তারা নির্মাণ করছে সিমেন্ট, জাহাজ, ফুড বা খাদ্যপণ্য, বেভারেজ বা কোমল পানীয়, ইলেকট্রনিকস ও স্টিল বা ইস্পাত শিল্পকারখানা।
এ ব্যাপারে আমান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, এসইজেডটি স্থাপনে তাঁদের প্রাথমিক বিনিয়োগের পরিমাণ ছয় শ কোটি টাকা।
রফিকুল ইসলাম বলেন, ‘আমরা ইতিমধ্যে ভূমি কিনে নদীশাসন, সিমেন্ট প্রকল্পসহ বিভিন্ন কারখানা নির্মাণের কাজ ৫০ শতাংশের মতো শেষ করেছি। নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে আমরা এক বছরের মধ্যে উৎপাদনে যাব। আমাদের সিমেন্ট দেশের চাহিদা পূরণ করে ভারতের পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যে রপ্তানি হবে।’ তিনি কারখানাগুলোতে যাতে দ্রুত উৎপাদন শুরু করা যায়, সে জন্য জরুরি ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
অপর দিকে মেঘনা সেতুর টোল প্লাজা থেকে প্রায় এক কিলোমিটার পূর্বে মেঘনা ঘাট ও টিপুরদী এলাকায় ২০০ একর জমিতে গড়ে উঠছে মেঘনা গ্রুপের দুটি এসইজেড। ইতিমধ্যে নির্মাণকাজের ৬০ শতাংশ শেষ হয়েছে। এখানে তারা পিভিসি পাল্প অ্যান্ড পেপার, ক্যালেন্ডার পেপার, কার্বন লেস পেপার, ফুড প্যাকেজিং, বেভারেজ বা কোমল পানীয়, ফুড প্যাকেজিং আইটেমের ফিল্ম, মিনারেল ওয়াটার, জুস, ফ্লাওয়ার মিলসহ ১৫টি কারখানা স্থাপন করবে। এ ছাড়া মেঘনা গ্রুপ দেশি-বিদেশি উদ্যোক্তাদের মধ্যে বিক্রি করার জন্য ৮০টি শিল্পপ্লট তৈরি করেছে।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের দুটি অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে ৯০০ কোটি টাকা বিনিয়োগ করেছি। সর্বোচ্চ পাঁচ মাসের মধ্যে উৎপাদন শুরু হবে। আর কর্মসংস্থান হবে তিন হাজার লোকের।’
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) আনিছুর রহমান মিঞা প্রথম আলোকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সোনারগাঁয়ের তিনটিসহ পাঁচটি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করবেন।
এ ব্যাপারে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর এসব অর্থনৈতিক অঞ্চলে জরুরি ভিত্তিতে গ্যাস-বিদ্যুতের সংযোগ দিতে ইতিমধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেওয়া হয়েছে।