সোনালী ও অগ্রণী ব্যাংকের পরিস্থিতির অবনতি হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যদিও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে থাকা সমঝোতা স্মারকে সোনালী ব্যাংক চলতি বছরে ৪৪০ কোটি টাকা, অগ্রণী ব্যাংক ২৯০ কোটি টাকা, জনতা ব্যাংক ২৭০ কোটি টাকা ও রূপালী ব্যাংকের ১৫০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা ছিল।

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারকের আলোকে জুনভিত্তিক অগ্রগতি-বিষয়ক সভায় এসব তথ্য তুলে ধরে ব্যাংকগুলোর ওপর ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। সভাসূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ছয় মাসে ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়েছে। লোকসানি শাখাও বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এসব কারণেও ব্যাংকগুলোর ওপর ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসানসহ চার ব্যাংকে নিয়োজিত পর্যবেক্ষক, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদ, অগ্রণী ব্যাংকের এমডি শামস্-উল-ইসলাম, জনতা ব্যাংকের এমডি মো. আবদুস সালাম ও রূপালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের বড় আকারের ঋণ দিয়ে ঝুঁকি গ্রহণে নিরুৎসাহিত করা হয়। পরিবর্তে ব্যাংকগুলোকে গ্রামে-গঞ্জে ছোট আকারে ঋণ দেওয়ার জন্য উৎসাহিত করা হয়। খেলাপি প্রতিষ্ঠান থেকে ঋণ আদায় এবং সমঝোতা শর্ত পূরণে বিশেষ উদ্যোগ নেওয়ারও নির্দেশ দেওয়া হয় সভায়।

জবাবে এমডিরা জানান, নতুন নিয়োগ পেয়েছেন বলে আগের অবস্থা সম্পর্কে তাঁরা অবহিত নন। তবে ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতি করতে এরই মধ্যে তাঁরা বিশেষ উদ্যোগে কাজ শুরু করেছেন।

সভায় উপস্থাপিত তথ্যে দেখা গেছে, জুন শেষে সোনালী ব্যাংকের ২৯০টি শাখা লোকসানে পড়েছে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত লোকসানে ছিল ১২৪টি শাখা। এই সময়ে ব্যাংকটির খেলাপি ঋণ হয়েছে ৯ হাজার ৩২২ কোটি টাকা, যা ডিসেম্বরে ছিল ৮ হাজার ১০০ কোটি টাকা। এ ছাড়া জুন শেষে ব্যাংকটির মূলধন ঘাটতি হয়েছে ২ হাজার ৬০৫ কোটি টাকা।

জুন শেষে অগ্রণী ব্যাংকের লোকসানি শাখা হয়েছে ৯৯টি, অথচ ডিসেম্বরে লোকসানি শাখা ছিল ৩৪টি। ব্যাংকটির খেলাপি ঋণ জুন শেষে হয়েছে ৪ হাজার ৯৯২ কোটি, গত ডিসেম্বরে ছিল ৪ হাজার ২২৪ কোটি টাকা। জুন শেষে অগ্রণী ব্যাংকের মূলধন ঘাটতি হয়েছে ১৯৯ কোটি টাকা।

জুন শেষে জনতা ব্যাংকের ৭৪টি শাখা লোকসানিতে পড়েছে, ডিসেম্বরে লোকসানি শাখা ছিল ১৫টি। জুন শেষে ব্যাংকটির খেলাপি ঋণ হয়েছে ৫ হাজার ৮৯১ কোটি টাকা, গত ডিসেম্বরে যা ছিল ২ হাজার ৮২৯ কোটি। জনতা ব্যাংকের মূলধন ঘাটতি গত জুনে হয়েছে ৬৬৪ কোটি টাকা।

একই সময়ে রূপালী ব্যাংকের ১২৬টি শাখা লোকসানি হয়েছে। যদিও গত ডিসেম্বর শেষে ১০টি শাখা লোকসানে ছিল। ব্যাংকটির খেলাপি ঋণ গত জুনে হয়েছে ২ হাজার ৩৬০ কোটি টাকা, যা গত ডিসেম্বরে ছিল ১ হাজার ৫৪৯ কোটি টাকা। রূপালী ব্যাংকের মূলধন ঘাটতি জুন শেষে হয়েছে ১ হাজার ৫২ কোটি টাকা।

জানা গেছে, কোম্পানিতে রূপান্তর, সমঝোতা চুক্তি, ব্যবস্থাপনা পর্ষদের পাশাপাশি পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক—কোনো উদ্যোগই কাজে আসছে না রাষ্ট্রমালিকানাধীন এসব ব্যাংকের উন্নয়নে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ১৮ নভেম্বর সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের চার নির্বাহী পরিচালককে এসব ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পর্যবেক্ষকেরা ব্যাংকের পরিচালনা পর্ষদ, ক্রেডিট ও অডিট কমিটিসহ গুরুত্বপূর্ণ সব বৈঠকে উপস্থিত থাকছেন। এরপরও এসব ব্যাংকের পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। ফলে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে।

শীর্ষ খেলাপি থেকে আদায়

ব্যাংক    লক্ষ্যমাত্রা (২০১৬)  আদায় (জানুয়ারি-জুন)

সোনালী  ৪৪০ কোটি টাকা        ৫ কোটি টাকা

অগ্রণী     ২৯০ কোটি টাকা        ২ কোটি টাকা

জনতা     ২৭০ কোটি টাকা       ১২৯ কোটি টাকা

রূপালী    ১৫০ কোটি টাকা       ৭৬ কোটি টাকা