সোনালী ও রূপালীতে দুই পরিচালক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবাদী পরিচালক এ কে এম রেজাউর রহমানকে বেসিক ব্যাংক থেকে সরিয়ে দিয়েছে সরকার। তবে তাঁকে সম্প্রতি সোনালী ব্যাংকের পরিচালক নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
এ ছাড়া ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের (আইসিএমএবি) সভাপতি এ কে এম দেলোয়ার হোসেনকে রূপালী ব্যাংকের পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক ছিলেন।
দুই পরিচালককেই তিন বছরের জন্য নিয়োগ দেওয়ার কথা গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে নিশ্চিত করেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম। সচিব বলেন, পেশাগত জীবনে দক্ষতা এবং পরিচালক হিসেবে অতীতের সততা বিবেচনায় তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত ১১ জুলাই বেসিক ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামের অনিয়ম-দুর্নীতির নানা কৌশল তুলে ধরে আসলাম আলমের কাছে গোপনীয় একটি চিঠি দিয়েছিলেন রেজাউর রহমান। চেয়ারম্যান-এমডির দুর্নীতির ব্যাপারে চিঠিতে তিনি বলেছিলেন, ‘একদিকে ব্যাংকটির পর্ষদ থেকে সরে দাঁড়াতে ইচ্ছা করছে, অন্যদিকে বিবেক বলছে, ব্যাংকটির স্বার্থ রক্ষার্থে পাহারাদারের কাজটি চালিয়ে যেতে।’
এর পর থেকে বেসিক ব্যাংকের পর্ষদ সভায় সাবেক এই অতিরিক্ত সচিবকে আসতে দেওয়া হচ্ছিল না বলে জানা গেছে।
যোগাযোগ করলে এ কে এম রেজাউর রহমান বলেন, সোনালী ব্যাংকের পরিচালক হিসেবে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।
অন্যদিকে এ কে এম দেলোয়ার হোসেন বলেন, ‘সরকারের দেওয়া এই দায়িত্ব সুচারুভাবে পালনে আমি মনোযোগী হব।’