সোনালী ব্যাংক ১৫ দিনেই সব শাখায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে
সোনালী ব্যাংকের সব শাখায় আধুনিক প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মধ্যে ১৫ দিনের মধ্যে সবগুলো শাখায় ভল্টের অভ্যন্তরে, ব্যাংক ভবনের ভেতরে ও বাইরে নাইট ভিশন সিসি ক্যামেরা স্থাপন এবং ভল্টে সার্বক্ষণিক সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম (নিরাপত্তা সংকেত) চালু করা হবে। একই সময়ে সবগুলো ভল্টে কংক্রিটের দেয়াল নির্মাণ ও মেঝে ঢালাই করে স্টিল প্লেট সংযুক্ত করা হবে।
এ ছাড়া ব্যাংকের প্রতিটি শাখার নিরাপত্তা বাড়াতে জনবল বৃদ্ধির জন্য কয়েকটি বেসরকারি সিকিউরিটি কোম্পানির সঙ্গে আলোচনা শুরু করেছে ব্যাংক। ব্যাংকের সার্বিক নিরাপত্তাব্যবস্থা তদারকির জন্য প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিয়োগ করবে ব্যাংকটি।
ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে গতকাল এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নিরাপত্তা নিশ্চিত করতে সব শাখায় সতর্কতামূলক চিঠি পাঠানো হয়েছে। সব শাখার নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের জন্য ৬১টি পরিদর্শন টিম গঠন করা হয়েছে। ৬১টি প্রিন্সিপাল অফিস ও রিজিওনাল অফিসকে কেন্দ্র করে এসব পরিদর্শন টিম কার্যক্রম শুরু করেছে। টিমগুলো পাঁচ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দেবে।
উল্লেখ্য, ব্যাংকের কিশোরগঞ্জ ও বগুড়ার আদমদীঘি শাখায় সম্প্রতি সুড়ঙ্গ খুঁড়ে ভল্ট থেকে টাকা চুরি হওয়ার পরিপ্রেক্ষিতে সব শাখার নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, যাতে এ ধরনের চুরি বা অর্থ লুটের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়।