হল-মার্ক কেলেঙ্কারির পর এখন রাতের অন্ধকারে ব্যাংকের ভল্ট থেকে টাকা চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে
সোনালী ব্যাংকই যেন লক্ষ্য
সরকারি মালিকানাধীন সোনালী ব্যাংক লিমিটেড যেন চোর-ডাকাতদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ২০১১ সালে দেশের ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারির ঘটনাটি এই ব্যাংকেই ঘটে। হল-মার্ক কেলেঙ্কারি নামে পরিচিতি পাওয়া এ ঘটনায় হল-মার্ক শিল্পগোষ্ঠী সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে তুলে নেয়।
আর এখন ব্যাংকের ভল্ট থেকে টাকা লুট করা হচ্ছে। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা ও নজরদারি দুর্বলতার উন্নতি না হওয়ায় চোর-ডাকাতেরা এই ব্যাংকটিকেই বেছে নিয়েছে বলে মনে করছেন অনেকে। গত শনিবার সোনালী ব্যাংকের আদমদীঘি ট্রেজারি শাখায় সুড়ঙ্গ কেটে ৩২ লাখ টাকা লুট হয়। আর গত মাসেই সুড়ঙ্গ তৈরি করে ১৬ কোটি টাকা লুট হয় কিশোরগঞ্জে। পরে অবশ্য তা উদ্ধার হয়।
বগুড়ার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে গতকাল রোববার সংশ্লিষ্ট তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করতে সোনালী ব্যাংককে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ওই তিন কর্মকর্তা হলেন রাজশাহী অঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আফজাল হোসেন, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুস সামাদ এবং শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) শামসুদ্দিন শরীফ।
আশ্চর্যজনক যে, অর্থ মন্ত্রণালয় যে জিএম আফজাল হোসেনকে বরখাস্ত করতে বলেছে, তাঁকে প্রধান করেই এ বিষয়ে তথ্য উদ্ঘাটন করতে গতকাল একটি তদন্ত কমিটি গঠন করেছে সোনালী ব্যাংক।
বরখাস্তের নির্দেশ দেওয়ার কারণ জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা ব্যাখ্যা করে বলেন, ‘ঘটনা ধরা পড়েছে সকালে। সারা দিন পার হওয়ার পর প্রধান কার্যালয়কে জানানো হয়েছে বিকেলে। ব্যাংকের এমডিকেও কেউ জানাননি বিষয়টি। এটি নির্ঘাত দায়িত্বে অবহেলা।’
এদিকে ভল্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয় সব সরকারি মালিকানাধীন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে জরুরি বৈঠকে বসবে আজ সোমবার।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর গতকাল এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘হল-মার্ক ও কিশোরগঞ্জের ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা জোরদারে সোনালী ব্যাংক কিছু পদক্ষেপ নিয়েছে। সার্বিক উন্নতির জন্য কিছু সময় দিতে হবে।’
বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক মিলেই নিরাপত্তাব্যবস্থায় পরিবর্তন আনছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘এরই মধ্যে কিছু পরিবর্তন এসেছে, আরও আসবে।’ তিনি বলেন, মানুষের আস্থা রয়েছে সোনালী ব্যাংকের প্রতি। সবচেয়ে বেশি আমানত এই ব্যাংকই সংগ্রহ করে।
অর্থমন্ত্রী বলেন, ‘হল-মার্ক কেলেঙ্কারির পর ব্যাংকটির কিছু বৈশিষ্ট্য বদলেছে। জিএমদের ৬৫ কোটি টাকা পর্যন্ত ঋণ অনুমোদনের এখতিয়ার থাকলেও তাঁরা দুই থেকে আড়াই হাজার কোটি টাকা ঋণ দিয়ে দিতেন। এখন তা সম্ভব হবে না।’
এর অবশ্য অন্য দিকও রয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘বিভিন্ন নিয়ন্ত্রণের মাধ্যমে ক্ষমতা কমানো হলে কাজের গতি কমে যায়।’
ব্যাংক খাতে উন্নতির জন্য ১০ থেকে ১৫ বছর লাগবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘চরিত্রগত উন্নতির জন্য দরকার নৈতিক উন্নয়ন ও বেতন-ভাতা বৃদ্ধি। একসময় বলা হতো, সরকারি চাকুরেদের কম বেতন হলেই চলে। আমি তা মনে করি না। আগেরবার তাঁদের বেতন-ভাতা ৬৫ শতাংশ বৃদ্ধির পর এই দফায় আরও ৬২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে।’
সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবীরের সময়কালীন হল-মার্ক কেলেঙ্কারি হলেও পরের সব ঘটনাই বর্তমান এমডি প্রদীপকুমার দত্তের সময়কালীন।
একের পর এক সোনালী ব্যাংকেই এসব ঘটনা ঘটছে কেন, জানতে চাইলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম প্রথম আলোকে বলেন, ‘এ প্রশ্ন আমারও। অন্য কারও কোনো প্রশ্ন আছে কি না, বা আরও কোনো কারণ আছে কি না—এসব জানতেই বৈঠক ডাকা হয়েছে।’ সোমবারের বৈঠকেই সব জবাব উঠে আসবে বলে তিনি আশা করছেন।
বৈঠকে সোনালী ব্যাংক, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক, বিডিবিএল, বিকেবি, রাকাব ও সাধারণ বিমা করপোরেশনের এমডি উপস্থিত থাকবেন।
এ বিষয়ে সোনালী ব্যাংকের এমডি প্রদীপকুমার দত্তকে বারবার চেষ্টা করেও মুঠোফোনে পাওয়া যায়নি। খুদে বার্তা দিয়ে কথা বলার বিষয়বস্তু জানানো হলেও কোনো জবাব দেননি তিনি।
এক নজরে সোনালী ব্যাংক
অনুমোদিত মূলধন
২,০০০ কোটি টাকা
পরিশোধিত মূলধন
১,১২৫ কোটি টাকা
শাখা
১,২০৩
সম্পদমূল্য*
৭৫,৪৬১ কোটি টাকা
কর-পরবর্তী নিট লোকসান*
৩,১৫৫ কোটি টাকা
মোট খেলাপি ঋণ**
৯,৬২৯ কোটি টাকা (৩২.১১%)
[*৩১ ডিসেম্বর, ২০১২; নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে **৩১ ডিসেম্বর, ২০১৩]