সোনালী ব্যাংকের ফেনীর মহিপাল শাখায় ২০১১ সালে সংঘটিত সাত কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় একজন উপমহাব্যবস্থাপকসহ (ডিজিএম) ছয়জন কর্মকর্তাকে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব কর্মকর্তাকে আগামী ২ সেপ্টেম্বর দুদকের নোয়াখালী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে।
দুদকে যাঁদের তলব করা হয়েছে: মহিপাল শাখার নিয়ন্ত্রণকারী ফেনী আঞ্চলিক কার্যালয়ের তত্কালীন উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আজাদ কামাল, সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) মহিউদ্দিন চৌধুরী, পেয়ার আহমদ ও মিনতি রানী এবং নির্বাহী অফিসার খাজা গিয়াস উদ্দিন ও অফিসার জামাল উদ্দিন। দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুরুল হুদার স্বাক্ষরিত এক চিঠিতে এসব কর্মকর্তাকে নোটিশ দেওয়া হয়। ব্যাংকের ফেনী আঞ্চলিক কার্যালয়ের বর্তমান ডিজিএম মো. নুর উল্যাহ খান ছয় কর্মকর্তাকে দুদকের নোয়াখালী কার্যালয় থেকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার সত্যতা নিশ্চিত করেন।
প্রসঙ্গত, আজাদ কামালকে গত জুলাই মাসে চট্টগ্রাম জিএম কার্যালয়ে সংযুক্ত করা হয়। অন্য পাঁচ কর্মকর্তার মধ্যে বর্তমানে মহিউদ্দিন চৌধুরী ঢাকায় এবং বাকি চারজন ফেনী আঞ্চলিক কার্যালয়েই কর্মরত রয়েছেন।
ব্যাংক ও দুদকের সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ঋণ জালিয়াতি-সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র চেয়ে দুদকের নোয়াখালী কার্যালয় ব্যাংকের ফেনী আঞ্চলিক কার্যালয়ে কয়েক দফা চিঠি পাঠায়। কিন্তু আঞ্চলিক কার্যালয় নথিপত্র প্রদানে গড়িমসি করতে থাকে। সে জন্য দুদক ২৪ জুন ফেনী জজকোর্টের বিশেষ ট্রাইব্যুনালে মামলা করে। আদালত দুদকের কাছে নথিপত্র সরবরাহের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সে অনুযায়ী ব্যাংক থেকে নথিপত্র পেয়ে দুদক ঋণ জালিয়াতির ঘটনা যাচাই-বাছাই ও অনুসন্ধান শুরু শেষে ব্যাংকের মহিপাল শাখার তদারককারী ফেনী আঞ্চলিক কার্যালয়ের ওই ছয় কর্মকর্তাকে নোটিশ দেয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানায়, মহিপাল শাখার তত্কালীন ব্যবস্থাপক আবুল কাশেম অনিয়ম-দুর্নীতির আশ্রয় নিয়ে বিভিন্ন ভুয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এসএমই খাতে কোটি কোটি টাকার ঋণ দেন। ওই সময়ে আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম আজাদ কামাল শাখাটি পরিদর্শনে যান এবং ঋণের নামে সংঘটিত জালিয়াতির ঘটনা জেনেও সেই সম্পর্কে কোনো রকম প্রশ্ন তোলেননি।
সূত্রমতে, মহিপাল শাখায় ২০১১ এসএমই খাতে ঋণ বিতরণের জন্য বরাদ্দ ছিল চার কোটি টাকা। কিন্তু মাত্র তিন মাসেই ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সাত কোটি টাকায় পৌঁছায়। যে কারণে শাখাটি থেকে কথিত ১৬৫টি ঋণ হিসাবের বিপরীতে প্রায় সাত কোটি টাকা লোপাট হয়ে যায়। এ জন্য মহিপাল শাখার ব্যবস্থাপক আবুল কাশেমকে গত ১৩ এপ্রিল চাকরিচ্যুত করা হয়।
এদিকে শাখাটির বর্তমান ব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন মজুমদার বাদী হয়ে সাবেক ব্যবস্থাপক আবুল কাশেমসহ ৭৪ জন ভুয়া ঋণগ্রহীতার বিরুদ্ধে ৬ আগস্ট ফেনী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগটিকে সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ডভুক্ত করে ফেনী মডেল থানা তা নোয়াখালী দুদকের কাছে পাঠায়।